ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গত বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘কাশ্মীর নিয়ে যুদ্ধ বাধলে পাকিস্তান জয়ী হতে পারবে না। আমার জীবদ্দশায় পাকিস্তানের পক্ষে কোনো যুদ্ধে জয়ী হওয়ার কোনো সুযোগ নেই।’
কাশ্মীর বিতর্কের অবসান না হলে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধার সম্ভাবনা রয়েছে—পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
তবে নওয়াজ বুধবার আজাদ কাশ্মীর সফরকালে তাঁর দেওয়া বক্তব্য অস্বীকার করেন। তিনি মঙ্গলবার মুজাফফরাবাদে এক ভাষণে বলেন, কাশ্মীর নিয়ে দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যেকোনো সময় চতুর্থ যুদ্ধ বাধতে পারে। তবে কয়েক ঘণ্টা পরই প্রধানমন্ত্রী নওয়াজের কার্যালয় এই বক্তব্য অস্বীকার করে। এ-সংক্রান্ত পত্রিকার খবরকে ভুল আখ্যা দিয়ে তাঁর কার্যালয় বলেছে, বিভ্রান্ত করার উদ্দেশ্যে পত্রিকাগুলো এই প্রতিবেদন করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরও বলা হয়, কাশ্মীরকে ভারতের দখল থেকে মুক্ত করা নওয়াজের স্বপ্ন। প্রধানমন্ত্রীর ইচ্ছা, তাঁর জীবদ্দশাতেই এই স্বপ্ন বাস্তব হতে পারে।
নিজেদের মধ্যকার বৈরী সম্পর্ক কাটিয়ে উঠতে দুটি দেশই যখন জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই নওয়াজ এই মন্তব্য করলেন। তিনি এমন একসময় এই মন্তব্য করলেন, যখন ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে ডানপন্থী জাতীয়তাবাদীদের উত্থান ঘটছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শক্ত অবস্থানে আসায় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ নিয়ে আবারও বিতর্কের সূচনা হতে পারে। সংবেদনশীল ওই অনুচ্ছেদে জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। বিজেপি কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়ার বিরোধী। তারা বরং কাশ্মীরকে ভারতের সম্পূর্ণ অবিচ্ছেদ্য অংশ মনে করে। ডন