যুদ্ধ শেষে শান্তি এসেছে সুদিন ফেরেনি
শ্রীলঙ্কার ত্রিনকোমালি বন্দরের প্রায় আট হাজার ক্ষুদ্র জেলে আশা করেছিলেন, দেশে শান্তি এলে তাঁদের সুদিন ফিরবে। তামিল গেরিলারা পরাজিত হয়েছে, দেশে শান্তি এসেছে কিন্তু জেলেদের সেই আশা এখন দুরাশায়। মাছ নেই তাঁদের জালে।ক্ষুদ্র জেলেরা জানায়, বড় মহাজনেরা কর্তৃপক্ষকে হাত করে ডিনামাইট মেরে আর নিষিদ্ধ বড় জাল পেতে মাছ মেরে নিচ্ছে। অসহায়ের মতো তা তাকিয়ে তাকিয়ে দেখতে হচ্ছে তাঁদের। যুদ্ধের সময় জেলেরা শুধু দিনের বেলায়ই সাগরে মাছ ধরতে পারত। এর পরও যেকোনো মুহূর্তে তামিল গেরিলাদের হামলার আশঙ্কা করত। দেশের দক্ষিণাঞ্চলে সেনা ও রসদ সরবরাহে সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ত্রিনকোমালি বন্দর। এ জন্য গেরিলারা সুযোগ পেলেই হামলা চালাত সেখানে। এত কিছুর পরও এই বন্দরের ক্ষুদ্র জেলেরা দিনে ৮-১০ হাজার রুপি আয় করতেন মাছ ধরে। কিন্তু এখন তাঁরা দিনে দুই হাজার রুপিও রোজগার করতে পারছেন না।একটি ছোট জেলে নৌকার মালিক আনন্দ পেরিস জানান, তিনি আশা করেছিলেন, যুদ্ধ শেষে হরদম মাছ ধরতে পারবেন। আয় কিছু বাড়বে। কিন্তু তাঁর সে আশা পূরণ হয়নি।পেরিস বলেন, ‘এখন আমরা দিনরাত মাছ ধরার সুযোগ পাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের জালে মাছ নেই। কিছু অসাধু বড় ব্যবসায়ী কর্তৃপক্ষকে হাত করে ডিনামাইট ফাটিয়ে এবং বড় বড় জাল পেতে সব মাছ ধরে নিচ্ছে।’পেরিস আরও বলেন, ‘আমরা সরকারকে বিষয়টি জানিয়েছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের প্রাকৃতিক সম্পদ ধ্বংস হচ্ছে। জানি না কী করে খাব।’দেশটির মত্স্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধের সময় বছরে আট হাজার টন মাছ পাওয়া যেত। গত বছর তা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার টনে। ডিনামাইট ও অবৈধ জাল ব্যবহারের কারণে মত্স্য আহরণ এতটা বেড়েছে বলে স্বীকার করেছে মন্ত্রণালয়।মত্স্যমন্ত্রী রাজিথা সেনারত্নে বলেন, ‘এভাবে অবৈধ উপায়ে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ জন্য আমাদের নির্ভর করতে হয় নৌবাহিনীর টহলের ওপর।’ তিনি জানান, অনেক ক্ষেত্রে নৌবাহিনীর সদস্যরা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। এএফপি।