যুদ্ধবিমান ক্রয়েও মধ্যস্থতা ছিল রাজীবের!
ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সত্তরের দশকে যুদ্ধবিমান ক্রয় চুক্তি সম্পাদনেও সম্ভবত মধ্যস্থতা করেছিলেন। সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা মার্কিন গোপন তারবার্তার তথ্য থেকে এ কথা জানা গেছে। ওই তারবার্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম গতকাল সোমবার এ তথ্য প্রকাশ করে। বোফর্স অস্ত্র কেলেঙ্কারির পর এবার যুদ্ধবিমান কেনায়ও জড়িত থাকার অভিযোগ উঠল রাজীবের বিরুদ্ধে।প্রকাশিত খবরে বলা হয়, সুইডেনভিত্তিক প্রতিষ্ঠান সাব-স্ক্যান্ডিয়া তার তৈরি ভিগেন যুদ্ধবিমান বিক্রির চুক্তি পাইয়ে দিতে রাজীবকে ‘প্রধান মধ্যস্থতাকারী’ হিসেবে কাজে লাগিয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব তখন ছিলেন বাণিজ্যিক বিমানের চালক (পাইলট)। রাজনৈতিক অঙ্গনের বাইরের লোক হওয়া সত্ত্বেও মায়ের দপ্তরে ছিল তাঁর অবাধ যাতায়াত। মূলত এ কারণেই রাজীবকে অর্থ দিয়েছিল সাব-স্ক্যান্ডিয়া। সুইডিশ দূতাবাসের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে এ তথ্য দিয়েছিলেন। তবে উইকিলিকসে প্রকাশিত এ তথ্যের সত্যতা নিশ্চিত বা প্রত্যাখ্যান করে কোনো মন্তব্য করতে রাজি হননি মার্কিন কর্মকর্তারা।যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাত দিয়ে একটি তারবার্তায় বলা হয়, যুদ্ধবিমান-সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে তাঁরা পরিবহন বিমানের একজন পাইলটকে সবচেয়ে নির্ভরযোগ্য মনে করেননি। কিন্তু তাঁর অন্য একটি যোগ্যতা এবং সম্ভবত অধিকতর প্রাসঙ্গিক যোগ্যতাটি গুরুত্ব পায়। অনিচ্ছা সত্ত্বেও রাজনীতিতে এসেছিলেন রাজীব গান্ধী। পরে তিনি বোফর্স অস্ত্র কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। সুইডিশ অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান বোফর্স ইতালীয় একজন ব্যবসায়ীসহ গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন মধ্যস্থতাকারীকে ঘুষ দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। বোফর্স কেলেঙ্কারির জেরে কংগ্রেস ১৯৮৯ সালের নির্বাচনে পরাজিত হয়। রাজীব গান্ধী ১৯৯১ সালে আততায়ীর হামলায় নিহত হন। তবে গান্ধী পরিবার ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল কংগ্রেসে এখনো শক্তিশালী প্রভাব অব্যাহত রেখেছে। রাজীবের স্ত্রী ইতালীয় বংশোদ্ভূত সোনিয়া বর্তমানে কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তাঁদের সন্তান রাহুল গান্ধী আগামী বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে দলটির সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন বলে ধারণা করা হচ্ছে। সাব-স্ক্যান্ডিয়া অবশ্য ভারতের কাছে ভিগেন যুদ্ধবিমান বিক্রির নিলামে হেরে গিয়েছিল। দরপত্রে যুক্তরাজ্যের তৈরি জাগুয়ার বিমান নির্বাচিত হয়েছিল। এএফপি।