যুদ্ধবিরতি মেনে চলতে সরকারকে বিদ্রোহীদের সময়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীরা রক্তপাত বন্ধে জাতিসংঘ ও আরব লিগের শান্তিদূত কফি আনানের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি মেনে চলতে দেশটির সরকারকে আজ শুক্রবার দুপুর (গ্রিনিচ সময় সকাল নয়টা) পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। তা না হলে ‘চূড়ান্ত ও সাহসী সিদ্ধান্ত’ নেওয়া হবে বলেও হুমকি দিয়েছে তারা।এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সিরিয়া বিষয়ে রাশিয়ার নীতির কঠোর সমালোচনা করেছেন। তাঁর দাবি, সিরিয়াকে সম্ভাব্য গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে রাশিয়া। গতকাল বৃহস্পতিবার ডেনমার্ক সফরে গিয়ে তিনি এ কথা বলেন।সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান বর্তমানে প্রায় অসম্ভব অবস্থায় চলে গেছে বলে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস সতর্ক করে দেওয়ার পর ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) এই হুমকি দিল। রাষ্ট্রদূত রাইস আরও বলেছেন, দামেস্কের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবশ্যই আলোচনা করতে হবে।এফএসএ এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার সরকার যদি শুক্রবার দুপুরের মধ্যে তাদের দাবি না মানে, তবে ফ্রি সিরিয়ান আর্মির কমান্ড ঘোষণা দিচ্ছে, তারাও আনানের শান্তি পরিকল্পনার কোনো প্রতিশ্রুতি আর মেনে চলতে বাধ্য থাকবে না। তখন তাদের কর্তব্য হবে বেসামরিক লোকজনকে রক্ষা করা।সিরিয়ায় সহিংসতায় জড়িয়ে পড়া সব পক্ষই জাতিসংঘ ও আরব লিগের পক্ষে মধ্যস্থতাকারী কফি আনানের শান্তি পরিকল্পনা মেনে চলার বিষয়ে গত ১২ এপ্রিল সম্মত হয়। মানবাধিকার কর্মীদের হিসাবে, গত বছরের মার্চে শুরু হওয়া সহিংসতায় সিরিয়ায় এ পর্যন্ত ১৩ হাজারের বেশি লোক নিহত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবে তা দেখা যায়নি। যুদ্ধবিরতি মেনে চলা হচ্ছে কি না, তা দেখভাল করতে প্রায় ৩০০ জাতিসংঘ পর্যবেক্ষক মোতায়েন করা হলেও সাম্প্রতিক সময়ে বহু লোক হতাহত হয়েছে। বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত এলাকাগুলোতে সরকারি সেনাদের আক্রমণ জোরদার করা হয়েছে।সম্প্রতি হোমস প্রদেশের হুলা শহরে নারী ও শিশুসহ শতাধিক বেসামরিক লোককে হত্যার ঘটনা উল্লেখ করে এফএসএর ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই বর্বর হত্যাযজ্ঞের পর যুদ্ধবিরতি একপক্ষীয়ভাবে মেনে চলার কোনো কারণ আর তাদের নেই। কারণ, প্রেসিডেন্ট (বাশার আল আসাদ) ইতিমধ্যে আনানের পরিকল্পনাকে কবর দিয়েছেন। এ ছাড়া আসাদের বাহিনীর বিরুদ্ধে চলতি যুদ্ধে পরবর্তী করণীয় নির্ধারণে তারা অচিরেই ‘চূড়ান্ত ও সাহসী সিদ্ধান্ত’ ঘোষণা করবে বলেও বিবৃতিতে জানানো হয়।বিদ্রোহীরা আনানের ছয় দফা পরিকল্পনার সব কটিকেই মেনে চলতে সরকারের প্রতি দাবি জানিয়েছে। দাবিগুলো হচ্ছে: অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে; সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে; বেসামরিক এলাকা থেকে ট্যাংকসহ সব ধরনের যুদ্ধযান সরিয়ে নিতে হবে; সব এলাকায় মানবিক সাহায্য পাঠাতে দিতে হবে; রাজনৈতিক বন্দী ও বিক্ষোভকারীদের মুক্তি দিতে হবে এবং দেশের সব এলাকায় গণমাধ্যমকর্মীদের প্রবেশের সুযোগ দিতে হবে।গত বুধবার সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষক মিশনের প্রধান মেজর জেনারেল রবার্ট মুড ঘোষণা দেন, পূর্বাঞ্চলীয় আসুকার শহরে তাঁরা ১৩টি মৃতদেহ পেয়েছেন, যাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটাকে তিনি ‘মর্মান্তিক ও অমার্জনীয় কাজ’ হিসেবে বর্ণনা করেন। একই দিনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হার্ভে লাদসাস নিরাপত্তা পরিষদে আসুকার ও হুলা শহরে হত্যাকাণ্ডের ঘটনাগুলো উত্থাপন করেন।নিরাপত্তা পরিষদের বৈঠকের পর যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করার আহ্বান জানিয়েছে। সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীন নিরাপত্তা পরিষদে হুলা হত্যাকাণ্ডের নিন্দা প্রস্তাবে গত রোববার সমর্থন জানায়। তবে সিরিয়ার বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপ নেওয়ার বিরোধিতা করেছে রাশিয়া। কোপেনহেগেনে এক অনুষ্ঠানে হিলারি বলেন, ‘তাঁরা (রাশিয়া) আমাকে বলেছে, সিরিয়ায় গৃহযুদ্ধ দেখতে চায় না। কিন্তু আমি তাঁদের বলেছি, আপনাদের ভূমিকা দেশটিতে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টিতে সহায়তা করছে।’ সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সম্প্রতি নতুন করে কঠোর অবরোধ আরোপের উদ্যোগ নিলেও রাশিয়া ও চীন এর বিরোধিতা করেছে। এর পরিপ্রেক্ষিতেই হিলারি এ মন্তব্য করেছেন। হিলারি বলেন, সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা প্রতিদিনই বাড়ছে। এএফপি ও বিবিসি।