ফিলিস্তিনের ইসলামি সংগঠন হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলছে ঠিকই, তবে তারা লড়াই করতেও প্রস্তুত। গতকাল শনিবার গাজায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলে সতর্ক করেন আবু আবিদেহ নামের এক ব্যক্তি। এ সময় তাঁর মুখে মুখোশ ছিল এবং নিজেকে হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডসের মুখপাত্র বলে পরিচয় দেন তিনি। তাঁর সঙ্গে মুখোশ পরা তিনজন সশস্ত্র রক্ষী ছিল।সংবাদ সম্মেলনে আবু আবিদেহ বলেন, ‘ইসরায়েলের সঙ্গে এখন যুদ্ধবিরতি চলছে। তা সত্যিকারের বলে কার্যকর থাকবে ততক্ষণ, যতক্ষণ ইসরায়েল কোনো আগ্রাসন চালাবে না, অবরোধ করবে না। কিন্তু গাজায় যদি ইসরায়েল কোনো আগ্রাসন চালায়, আমরা এর কড়া জবাব দেব।’ তিনি বলেন, ‘ইসরায়েলের যেকোনো আগ্রাসনের জবাব দিতে আমরা পুরোপুরি প্রস্তুত। ইসরায়েলের অস্ত্রের তুলনায় আমাদের অস্ত্র খুব কম। তবে আমাদের এমন কিছু অস্ত্র আছে, যা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হবে।’ এ ব্যাপারে আবিদেহ বিস্তারিত বলেননি।এ সপ্তাহে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজার সীমান্তে তাঁদের একটি ট্যাংক টহল দেওয়ার সময় ট্যাংক বিধ্বংসী রকেট হামলার শিকার হয়। এটি ছিল রাশিয়ার তৈরি ‘কর্নেট’ রকেট। সেখানে তাঁদের ট্যাংকের বিরুদ্ধে এ ধরনের হামলা এটিই প্রথম।এর আগে হামাসের জ্যেষ্ঠ নেতা মাহমুদ জহর বলেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে যে যুদ্ধবিরতি চলছে, তা রক্ষা করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হামাস। এএফপি।