দুই সপ্তাহের তুমুল লড়াইয়ের পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দক্ষিণ সুদানের সরকার। কেনিয়ার রাজধানী নাইরোবিতে গতকাল শুক্রবার পূর্ব আফ্রিকার দেশগুলোর নেতাদের বৈঠক চলাকালে দক্ষিণ সুদানের সিলভা কির সরকার এই ঘোষণা দেয়। আফ্রিকার নেতারা এই ঘোষণাকে স্বাগত জানিয়ে ‘বিদ্রোহী নেতা’ সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারকেও এই ধরনের ঘোষণা দেওয়ার আহ্বান জানান।
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সিলভা কির এবং ‘বিদ্রোহী নেতা’ মাচারকে মুখোমুখি বসে আলোচনার জন্য চার দিন সময় দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশগুলোর নেতারা। তাঁরা বলেছেন, এর পরও সেখানে গৃহযুদ্ধ অব্যাহত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। যদিও সেই ব্যবস্থাটা কী, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি তাঁরা।
কেনিয়ার প্রেসিডেন্ট ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠক করেন সালভা কির। ওই বৈঠকের ধারাবাহিকতায় নাইরোবিতে গতকাল বৈঠকে যোগ দেন আঞ্চলিক নেতারা।
এদিকে জাতিসংঘ ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ সুদানে অতিরিক্ত শান্তিরক্ষী মোতায়েন করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দক্ষিণ সুদানের সার্বিক পরিস্থিতি এবং কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হেইলেমারিয়াম ডেসালেগনের সঙ্গে প্রেসিডেন্ট কিরের আলোচনার বিষয় নিয়ে গতকাল বৈঠক করেন পূর্ব আফ্রিকার আটটি দেশের নেতারা। এর আগে ইথিওপিয়ার পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার দক্ষিণ সুদানের রাজধানী জুবায় অনুষ্ঠিত কেনিয়াত্তা, ডেসালেগন ও কিরের বৈঠকে ‘গঠনমূলক ও খোলামেলা আলোচনা হয়েছে’। দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মাইকেল মাকেয়ি জানিয়েছেন, ‘বিদ্রোহীদের নেতা’ রিক মাচারের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। মাচার বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও মাচার শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।
দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের প্রধান হিল্ডে জনসন ‘শান্তি-প্রক্রিয়ার সুযোগ দিতে’ দেশটির রাজনৈতিক নেতাদের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই দেশটি কয়েক দশক ধরে দ্বন্দ্ব ও যুদ্ধবিগ্রহের মধ্য দিয়ে যাচ্ছে। জনসন জানান, ১৫ ডিসেম্বর শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। জনসন আরও জানান, দেশটিতে ৪৮ ঘণ্টার মধ্যে অতিরিক্ত শান্তিরক্ষী বাহিনীর সদস্য মোতায়েন করা হতে পারে।
১০টি রাজ্যের মধ্যে অন্তত পাঁচটি রাজ্যে লড়াই চলছে। বোর ও মালাকাল অঞ্চলে ব্যাপক সংঘর্ষ চলছে। ১৫ ডিসেম্বর ‘ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার’ পর নতুন রাষ্ট্র দক্ষিণ সুদানে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিবিসি ও এএফপি।