যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো৷ নিজের মতো করে শান্তি পরিকল্পনা প্রস্তাবের পর তিনি প্রথম একতরফা এক সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন৷ তবে বিচ্ছিন্নতাবাদীরা তাঁর এই শান্তি পরিকল্পনার ঘোষণায় সাড়া দেয়নি৷ খবর এএফপির৷
প্রেসিডেন্ট পোরোশেঙ্কো আশা করছেন, যুদ্ধবিরিতর ফলে শান্তি পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি হবে৷ তবে বিচ্ছিন্নতাবাদী নেতাদের অনেকেই বলছেন, তাঁরা যুদ্ধবিরতির বিষয়টি পর্যবেক্ষণ করছেন৷ কিন্তু তাঁরা প্রেসিডেেন্টর শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করছেন৷
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য ও রাজনৈতিক সহযোগিতাবিষয়ক ঐতিহাসিক সেই চুক্তির কয়েক ঘণ্টা পর গত শুক্রবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন পোরোশেঙ্কো৷ ইউক্রেনের বর্তমান সংকটের মূলে আছে ওই চুক্তি৷ গত নভেম্বরে চুক্তিটি হওয়ার কথা ছিল৷ কিন্তু শেষ মুহূর্তে চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান তৎকালীন প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ৷ শুরু হয়ে যায় তাঁর বিরুদ্ধে বিক্ষোভ৷ আন্দোলনের মুখে গত ফেব্রুয়ারিতে তিনি ক্ষমতা ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন৷ এরপর ইউক্রেনের রুশভাষী অঞ্চল ক্রিমিয়াকে গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত করে মস্কো৷ দেশের পূর্বাঞ্চলের কয়েকটি শহরে এখনো লড়াই করছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা৷ পশ্চিমাদের অভিযোগ, বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা করছে মস্কো৷
ইইউর সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট পোরোশেঙ্কো বলেন, ঐতিহাসিক এই চুক্তির জন্য ইউক্রেনকে সর্বোচ্চ মূল্য দিতে হয়েছে৷ আর মস্কো বলেছে, ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে কিয়েভকে৷
এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের নিরস্ত্র করতে কার্যকর পদক্ষেপ না নিলে রাশিয়ার ওপর আরও অবরোধ আরোপ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে৷ এরপর রাশিয়ার অর্থমন্ত্রী অ্যালিক্স উলাইয়ুকাইভ বলেন, নতুন করে অবরোধ আরোপ করা হলে তাদের অর্থনীতির ওপর ভয়ানক প্রভাব পড়বে৷
রাশিয়ার একটি টেলিভিশনকে গতকাল রুশ অর্থমন্ত্রী বলেন, ‘নতুন অবরোধের ফলে কী ঘটতে পারে, তার কিছু দৃশ্য আমরা বিবেচনা করছি৷ প্রবৃদ্ধি, বিনিয়োগ ও আয় কমবে, মূল্যস্ফীতি বাড়বে এবং রাষ্ট্রীয় মজুত কমবে৷’