যুদ্ধবিরোধী নেতা করবিনের নয়া চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরেমি করবিন
জেরেমি করবিন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সিরিয়ায় হামলা চালানোর অনুমোদন চেয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উত্থাপিত প্রস্তাবের পক্ষে-বিপক্ষে দেশটির পার্লামেন্টে উত্তপ্ত বিতর্ক চলছে। চলতি সপ্তাহেই ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা। এরই মধ্যে গতকাল শনিবার লন্ডনে যুদ্ধবিরোধী বড় আকারের সমাবেশ হয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছেন দেশটির বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন।
বামপন্থী করবিন আজীবন যুদ্ধের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। কিন্তু লেবার পার্টির নেতা হিসেবে যুদ্ধবিরোধী অবস্থান করবিনকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। দলের প্রভাবশালী এমপিদের একটি অংশ হুঁশিয়ারি দিয়েছেন, করবিন যদি হামলার বিপক্ষে অবস্থান নিতে নিজের সিদ্ধান্ত দলের ওপর চাপিয়ে দেন, তবে তাঁর ছায়া মন্ত্রিসভার অনেকেই পদত্যাগ করবেন।
যুক্তরাজ্য অবশ্য ইরাকে আইএসের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ক্যামেরন সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বোমা হামলা চালানোর অনুমোদন চেয়ে সংসদে প্রস্তাব উত্থাপন করেন। করবিন এই প্রস্তাবের বিরোধিতা করে বলেন, সিরিয়ায় এমন কোনো লোক বাকি নেই, যারা কোনো না কোনো পশ্চিমা শক্তির হামলার শিকার হয়নি। হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। অথচ জঙ্গিগোষ্ঠী আইএসকে কিছুই করা যায়নি। তিনি বলেন, বোমা হামলা করে কোথাও শান্তি আনা যাবে না। অস্ত্র ও রসদ সরবরাহ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।

তবে লেবার পার্টির উপনেতা টম ওয়াটসন ও পররাষ্ট্রবিষয়ক ছায়ামন্ত্রী হিলারি বেন হামলার পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, আইএস যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই জঙ্গি গোষ্ঠীকে নির্মূলে লেবার পার্টি সরকারকে কী সহযোগিতা করছে, তা মানুষ দেখতে চায়।
এদিকে জেরেমি করবিনের পক্ষে অবস্থান নিয়ে আন্তর্জাতিকবিষয়ক ছায়ামন্ত্রী ডায়ান অ্যাবোট বলেন, সিরিয়ায় হামলা কেবল আরেকটি আফগানিস্তান, আরেকটি ইরাক কিংবা আরেকটি লিবিয়ার মতো দুর্বিষহ অবস্থার তৈরি করবে। করবিনের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা কেন লিভিংস্টোন ২০০৫ সালে লন্ডনে বোমা হামলার প্রসঙ্গ টেনে বলেন, তৎ​কালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারই অবৈধভাবে ইরাক আক্রমণের মাধ্যমে লন্ডনে হামলাকারীদের স্বাগত জানিয়েছেন। সিরিয়ায় আক্রমণও যুক্তরাজ্যকে নিরাপদ নয়, বরং আরও ঝুঁকিপূর্ণ করে তুলবে।
প্রসঙ্গত, জেরেমি করবিন দলীয় এমপিদের জোরালো সমর্থন নয়, বরং দলীয় কর্মীদের বিপুল ভোট পেয়ে গত সেপ্টেম্বর মাসে লেবার পার্টির নেতা নির্বাচিত হন। সেই থেকে তাঁর নেতৃত্বকে নানাভাবে চ্যালেঞ্জ করে আসছেন দলটির কোনো কোনো এমপি। এবারও করবিন দলের তৃণমূল সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন ফেসবুক ও টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ তোলে।
এদিকে গতকাল শনিবার সিরিয়ায় হামলা চালানোর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে বিশাল প্রতিবাদ সমাবেশ করেছে ‘স্টপ দ্য ওয়ার কোয়ালিশন’। সমাবেশে যুদ্ধ বিরোধী নেতা জর্জ গ্যালওয়ে বলেন, ‘ইরাক যুদ্ধের বিষয়ে জেরেমি করবিন সঠিক অবস্থানে ছিলেন। সিরিয়ার হামলার বিষয়েও তিনি সঠিক কথাই বলছেন। তাঁর কথাই শুনুন।’ সমাবেশে অন্যান্য বক্তারা প্রশ্ন তুলে বলেন, ক্যামেরন অর্থের অভাব দেখিয়ে শিক্ষা, স্বাস্থ্য, আবাসনসহ নানা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কল্যাণ খাতের বাজেট কমাচ্ছেন, কিন্তু যুদ্ধ করার জন্য অর্থ কোথায় পেলেন?
লেবার পার্টির বিরোধের সুযোগে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতারা হামলায় সমর্থন চেয়ে লেবার পার্টির এমপিদের সরাসরি ফোন করছেন।