যুদ্ধাপরাধ করছে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে অভিযোগ করা হয়েছে, সিরিয়ায় রাশিয়া বেসামরিক লোকের ওপর নির্বিচারে বিমান হামলা চালিয়ে ‘যুদ্ধাপরাধ’ করছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতিনিধিরা বলেছেন, রাশিয়া সিরিয়ায় যা করছে সেটি ‘সন্ত্রাসবাদ বিরোধিতা’ নয়; এটি ‘বর্বরতা’।
এর প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে যে ভাষায় কথা বলা হয়েছে তা মেনে নেওয়া যায় না। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই সুরে কথা বলায় সিরিয়ার অস্ত্র বিরতির প্রক্রিয়া ভেস্তে যেতে পারে।
গৃহযুদ্ধে আক্রান্ত সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াই শুরু হয়েছে। আর নতুন এ লড়াইয়ের ফলে সেখানে শান্তির সম্ভাবনা ক্রমেই ফিকে হয়ে আসছে।
আলেপ্পোর নিয়ন্ত্রণ নিতে নতুন হামলায় বাংকার–বিধ্বংসী এবং অগ্নি সৃষ্টিকারী গোলা ব্যবহারের অভিযোগ উঠেছে। এ শহরে এখন প্রায় তিন লাখ মানুষ অবরুদ্ধ হয়ে আছে। বলা হচ্ছে, রাশিয়ার যুদ্ধবিমান থেকেই এসব অস্ত্র ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতির ভয়াবহতায় গত রোববার থেকে নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন শুরু হয়।
নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি সামান্থা পাওয়ার বলেন, ‘রাশিয়া ও বাশার আল–আসাদ সরকার শান্তি স্থাপনের চেষ্টার বদলে সেখানে যুদ্ধ বাধাচ্ছে। বেসামরিক মানুষের জীবন বাঁচানোর বদলে তারা ত্রাণের ট্রাকবহর এবং হাসপাতালে বোমা ফেলছে। তারা সেখানে যা করছে তা সন্ত্রাস প্রতিহত করা নয়, বরং এটা বর্বরতা।’ জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ম্যাথিউ রাইক্রফট বলেন, রাশিয়া আলেপ্পোকে ‘নতুন নরকে’ নিপতিত করছে। সেখানে ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্রে বাংকার–বিধ্বংসী গোলা ফেলা হচ্ছে। লাখো মানুষের পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে ফেলা হচ্ছে। তিনি বলেন, এর মাধ্যমে রাশিয়া আসলে যুদ্ধাপরাধ করছে। অধিবেশনে সিরিয়ার প্রতিনিধি বক্তব্য শুরুর আগে প্রতিবাদস্বরূপ ম্যাথিউ রাইক্রফট যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রতিনিধিদের নিয়ে সেখান থেকে বের হয়ে যান। আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেন স্থানীয় চিকিৎসকদের উদ্ধৃত করে জানিয়েছে, রোববার রাতে হামলায় নিহত ব্যক্তিদের অর্ধেকই শিশু।
এর আগে জাতিসংঘে ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রাঁ ও দেলাত্রি বলেন, আলেপ্পোর হামলাকারীদের সাজা পেতেই হবে। সেখানে ক্ষমা কোনো বিকল্প হতে পারে না।
ফরাসি রাষ্ট্রদূত বলেন, সিরিয়ার আলেপ্পো বসনিয়ার সারায়েভোর মতো। কিংবা স্পেনের যুদ্ধে গোয়ের্নিকার সঙ্গে এর তুলনা চলে।