যুদ্ধাপরাধের দায়ে ক্রোয়েশিয়ার সাবেক দুই জেনারেলের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রোয়েশিয়ার অবসরপ্রাপ্ত দুজন জেনারেলকে গত শুক্রবার কারাদণ্ড দিয়েছেন জাতিসংঘের একটি ট্রাইব্যুনাল। ১৯৯০-এর দশকে সার্বদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে তাঁদের ওই কারাদণ্ড দেওয়া হয়।হেগের দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর দ্য ফরমার যুগোশ্লাভিয়া (আইসিটিওয়াই) হত্যা, নির্যাতন ও লুটতরাজের দায়ে আন্তে গোতোভিনাকে ২৪ বছর এবং ম্লাদেন মারকাককে ১৮ বছরের কারাদণ্ড দেন।বাদী পক্ষ থেকে বলা হয়, ক্রাইনায় গোতোভিনার নেতৃত্বাধীন অভিযানে ৩২৪ জন সার্বকে হত্যা ও প্রায় ৯০ হাজার সার্বকে জোর করে বাস্তুচ্যুত করা হয়।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। আন্তে গোতোভিনার আইনজীবী গ্রেগরি কিহো বলেন, তিনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন।ক্রোয়েশিয়ার সরকার ও সাধারণ মানুষ এই রায়ের নিন্দা করেছে।ক্রোয়েশিয়ার রাজধানীতে টেলিভিশনের বড় পর্দায় মামলার রায় শোনার জন্য সমবেত জনতা রায় ঘোষণার পর রায়ের প্রতি অবজ্ঞাসূচক ধ্বনি তোলে।আন্তে গোতোভিনাকে ক্রোয়েশিয়ায় জাতীয় বীরের মর্যাদা দেওয়া হয়ে থাকে।১৯৯৫ সালে ক্রোয়েশিয়া থেকে প্রায় দুই লাখ জাতিগত সার্বকে বিতাড়িত করা হয়।ভারী গোলাবর্ষণের মাধ্যমে ক্রাইনায় ওই অভিযান শুরু করা হয়েছিল। হামলার মুখে অনেক সার্ব পালিয়ে যায়। ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ফ্রানিও তুজম্যানের নির্দেশে অপারেশন স্টর্ম নামের ওই অভিযান চালানো হয়।রায় ঘোষণার সময় আদালত ওই অভিযানকে সামরিক কমান্ডার ও তুজম্যানের মধ্যকার একটি ‘যৌথ অপরাধ উদ্যোগ’ হিসেবে অভিহিত করেন।বিচারক বলেন, ক্রাইনায় সার্ব বেসামরিক জনতার ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে।