যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত টেলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেলর যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত টেলরের বিরুদ্ধে এ রায় দেন। বিচারকমণ্ডলীর প্রধান রিচার্ড লুসিক বলেন, টেলরের বিরুদ্ধে সিয়েরা লিয়নে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে সহায়তা করার ও এতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাঁর সাজার বিষয়ে আগামী ১৬ মে আদালতে শুনানি হবে। ৩০ মে রায় ঘোষণা করা হবে।জাতিসংঘ-সমর্থিত সিয়েরা লিয়নবিষয়ক একটি বিশেষ আদালতে প্রায় পাঁচ ধরে টেলরের বিচার-কার্যক্রম চলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি বাহিনীর হত্যাযজ্ঞের ঘটনায় নুরেমবার্গ মিলিটারি ট্রাইব্যুনালের ঘটনা বাদ দিলে আন্তর্জাতিক অপরাধ আদালতে এই প্রথম কোনো রাষ্ট্র বা সরকারপ্রধান মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হলেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ রায়কে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন।১৯৯১ সাল থেকে শুরু করে ২০০২ সাল পর্যন্ত সিয়েরা লিয়নে সংঘটিত গৃহযুদ্ধের সময় প্রেসিডেন্ট টেলর দেশটির বিদ্রোহীগোষ্ঠী রেভল্যুশনারি ইউনাইটেড ফ্রন্টকে (আরএফইউ) অস্ত্র দিয়ে সহায়তা করার জন্য অভিযুক্ত হন। আরএফইউ বিদ্রোহীদের হাতে এক লাখ ২০ হাজার মানুষ নিহত হয়। এ ছাড়া ওই বিদ্রোহীদের বিরুদ্ধে নারী ধর্ষণ, জ্বালাও-পোড়াও, নির্যাতনের অনেক অভিযোগ রয়েছে। এএফপি, বিবিসি।