অশান্ত ফিলিস্তিনের গাজা। ইরাক আর সিরিয়ায় ঘটেছে সুন্নি চরমপন্থীদের উত্থান। ইউক্রেনের সংঘাতে জড়িয়ে পড়ছে আন্তর্জাতিক বিশ্ব। গোটা দুনিয়াই যেন সংঘাতে জেরবার। আসলেও সংঘাত এই কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ নেই। সারা বিশ্বেই আজ কমবেশি একধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) বলছে, এখন বিশ্বের মাত্র ১১টি দেশ কোনো সংঘাতে জড়িয়ে নেই। খবর িদ ইনডিপেনডেন্টের।
আইইপির ২০১৪ সালের বৈশ্বিক শান্তি সূচকে ১৬২টি দেশের পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, বিশ্ব ক্রমেই অশান্ত হচ্ছে। ২০০৭ সাল থেকে ক্রমেই বেশি করে বৈশ্বিক শান্তির অবনতি ঘটে চলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তির জন্য যে কাতরতা তৈরি হয়েছিল, বিশ্ব আজ সেখান থেকে অনেক দূরে।
শান্তি সূচক তৈরি করতে একটি দেশের অভ্যন্তরীণ অবস্থার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির ভূমিকা মূল্যায়ন করা হয়েছে। যেমন, কোনো দেশের সঙ্গে যুদ্ধে না জড়িয়েও বা অভ্যন্তরীণ গোলযোগ থেকে মুক্ত থাকলেও শান্তির সূচকে যুক্তরাজ্যের অবস্থান ৪৭। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের যুদ্ধে জড়িয়ে এবং উচ্চমাত্রার সামরিকীকরণের জন্য দেশটির অবস্থান এ রকম নিচের দিকে।
আবার কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে না পড়েও উত্তর কোরিয়ার অবস্থান ১৫৩। ব্যাপক মাত্রায় অভ্যন্তরীণ গোলযোগের কারণে দেশটির অবস্থান নাজুক। আইইপির শান্তি সূচকে যে ১১টি দেশকে সব ধরনের গোলযোগ থেকে মুক্ত বলে ধরা হয়েছে সেগুলো হলো: সুইজারল্যান্ড, জাপান, মরিশাস, কাতার, উরুগুয়ে, চিলি, বতসোয়ানা, কোস্টারিকা, ভিয়েতনাম, পানামা ও ব্রাজিল।
আইইপির গবেষণায় বলা হয়েছে, বিশ্ব শান্তি সূচকে সেই দেশগুলোকেই এগিয়ে রাখা হয়েছে যে দেশগুলোতে এমন কোনো সশস্ত্র সংঘাত নেই, যাতে ২৫ জনের বেশি প্রাণ হারিয়েছে। আর ওই সংঘাতের অন্তত একটি পক্ষ সরকারি বাহিনী।
এই সূচক তৈরিতে গত বছরের শেষ মাস পর্যন্ত পাওয়া উপাত্ত ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বিশ্বের শান্তি পরিস্থিতি নিয়ে আইইপির প্রতিবেদনে যা বলা হয়েছে, সার্বিক অবস্থা তার চেয়েও খারাপ। বিশ্বকাপ ফুটবল চলাকালে ব্রাজিলজুড়ে যে ব্যাপক বিক্ষোভ চলছিল তাতে বলা যায়, দেশটি ২০১৫ সালের শান্তির সূচকে অনেক পিছিয়ে যাবে।
আইইপির পরিচালক কামিলা স্কিপা বলেন, বিশ্ব ধীরে ধীরে কিন্তু অব্যাহতভাবে অশান্ত হয়ে উঠছে। তিনি ইনডিপেনডেন্টকে বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং এবং আরব বসন্তের মতো ঘটনা অনেক দেশে সংঘাত সৃষ্টি করেছে। ক্রমবর্ধমান বৈশ্বিক সংঘাত খুব দ্রুত কমবে, তার কোনো নিশ্চয়তা নেই।