ইউক্রেনের সামরিক বাহিনীতে তহবিল ও অস্ত্রশস্ত্রের সংকট রয়েছে। জ্যেষ্ঠ নেতৃত্বের অনেকেই আবার রাশিয়ার প্রতি অনুরক্ত। তাই মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেন বাহিনীর অবস্থান মোটেই জোরালো নয়।
তবু বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের সেনাবাহিনী অনেকটা স্বেচ্ছায় রুশ বাহিনীর কাছ থেকে দূরত্ব বজায় রাখছে; বিশেষ করে ক্রিমিয়া অঞ্চলের কয়েকটি ঘাঁটিতে। কৃষ্ণসাগরের নৌবহরে (ব্ল্যাক সি ফ্লিট) ইউক্রেন ও রাশিয়ার সেনাবাহিনী দীর্ঘকাল ধরেই যৌথভাবে কাজ করছে।
ইউক্রেনের নৌবাহিনীর নবনিযুক্ত শীর্ষ কর্মকর্তা গত রোববার প্রকাশ্যেই ক্রিমিয়ার আঞ্চলিক সরকারের পক্ষ ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে রাশিয়ার প্রভাব বলয়ে অবস্থানের পর ক্রিমিয়া এখন কার্যত মস্কোর নিয়ন্ত্রণেই চলে গেছে।
এদিকে ইউক্রেনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা পেশাজীবনের অধিকাংশ সময় রুশ সহকর্মীদের সঙ্গে সাবেক সোভিয়েত বাহিনীতে কাজ করেছেন। অবশ্য ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর পরিস্থিতি পাল্টে যায়। কাজেই ইউক্রেন বাহিনীর ওই কর্মকর্তাদের পাশাপাশি কিয়েভের বর্তমান পশ্চিমাপন্থী নেতৃত্বও রাশিয়ার বিরুদ্ধে কোনো উসকানিমূলক অবস্থানে যেতে আগ্রহী নন। কারণ, তাঁরা ভালো করেই জানেন, মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে তাঁরা জয়ী হতে পারবেন না।
যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর ন্যাভাল অ্যানালাইসিসের বিশ্লেষক দিমিত্রি গোরেনবার্গ মনে করেন, যুদ্ধ এড়ানোর জন্য কিয়েভ থেকেই জোরালো নির্দেশনা দেওয়া হয়েছে। আর সরকারের এই সিদ্ধান্ত ক্রিমিয়ায় অবস্থানরত কর্মকর্তাদের মনোভাবের সঙ্গেও মিলে যায়। তবে যেকোনো একটি ঘটনাতেই পরিস্থিতি ভিন্ন রূপ নিতে পারে।
জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত গত সোমবার বলেন, ক্রিমিয়া উপদ্বীপে প্রায় ১৬ হাজার সেনা মোতায়েন করেছে মস্কো। তারা মহড়ার নামে ইতিমধ্যে বিভিন্ন অঞ্চল থেকে দেড় লাখ সেনাসদস্যকে সরিয়ে নিচ্ছে। ক্রিমিয়ায় হয়তো তারা আরও সেনা পাঠাতে পারে।
লন্ডনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) হিসাব অনুযায়ী, রাশিয়ার রয়েছে প্রায় আট লাখ ৪৫ হাজার সেনাসদস্য। প্রশিক্ষণরত অবস্থায় রয়েছে আরও প্রায় ২০ লাখ সেনা। দেশটি ২০০৮ সালের জর্জিয়া যুদ্ধের পর থেকে সামরিক খাতে ব্যয় অন্তত ৩০ শতাংশ বৃদ্ধি করেছে।
সেভাস্তোপোলভিত্তিক কৃষ্ণসাগর নৌবহরে তিনটি ডুবোজাহাজ (সাবমেরিন), সাতটি বিধ্বংসী অস্ত্র (ডেস্ট্রয়ার), পাঁচটি রণতরি (ফ্রিগেট), ২০টি টহল নৌযান ও যুদ্ধজাহাজ (করভেট), ১৫টি মাইন অপসারণকারী এবং ১১টি উভচর যুদ্ধযান রয়েছে। বন্দর থেকে আরও কিছু নৌসেনা তৎপর রাখা হয়েছে। আকাশযুদ্ধেও রাশিয়ার সামর্থ্য যথেষ্ট সমীহ করার মতো। তাদের রয়েছে নানা ধরনের প্রায় এক হাজার ৪০০টি যুদ্ধবিমান।
ইউক্রেন গত মঙ্গলবার অভিযোগ করেছে, তাদের যোগাযোগব্যবস্থায় রাশিয়া হামলা চালিয়েছে। ক্রিমিয়ার আইনপ্রণেতা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মুঠোফোন অচল করে দেওয়া হয়েছে।
আইআইএসএস জানায়, প্রতিরক্ষা খাতে ইউক্রেনের বরাদ্দ ও ব্যয় অপর্যাপ্ত (বছরে ২৪০ কোটি মার্কিন ডলার)। আর তাদের অধিকাংশ সেনাসদস্য আধুনিক ও স্নায়ুযুদ্ধ-পরবর্তী যুগের সামরিক সরঞ্জাম ব্যবহারে অনভিজ্ঞ। রাশিয়ার সঙ্গে দেশটির সেনাসংখ্যা এবং নৌ ও বিমানবাহিনীর সামর্থ্যের তুলনা করতে গেলেও দেখা যায় আকাশ-পাতাল ব্যবধান।