যুদ্ধের জন্য অতিরিক্ত তিন হাজার কোটি ডলার চাইবেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান ও ইরাক যুদ্ধের জন্য কংগ্রেসের কাছে অতিরিক্ত তিন হাজার ৩০০ কোটি ডলার চাওয়ার পরিকল্পনা করছে ওবামা প্রশাসন। এদিকে আগামী বছর প্রতিরক্ষা বিভাগের জন্য রেকর্ড পরিমাণ ৭০ হাজার ৮০০ কোটি ডলার অর্থ বরাদ্দ চাওয়া হবে বলে আভাস পাওয়া গেছে। আগামী চার বছরে ওবামা প্রশাসনের প্রধান সামরিক পরিকল্পনার মধ্যে রয়েছে চলমান যুদ্ধজয় এবং অন্য কোনো যুদ্ধ প্রতিরোধ করা। এ ছাড়া গুরুত্বপূর্ণ মার্কিন অভিযানের মধ্যে থাকছে বিদ্রোহ ও সন্ত্রাসবিরোধী অভিযান। ফেব্রুয়ারি মাসে কংগ্রেসের সামনে এ বিষয়গুলোও উত্থাপনের পরিকল্পনা করছে ওবামা প্রশাসন।আগামী ১ ফেব্রুয়ারি ওবামা প্রশাসনের চতুর্বার্ষিক প্রতিরক্ষা পর্যালোচনা কংগ্রেসের সামনে তুলে ধরা হবে। গত সোমবার ও মঙ্গলবার পেন্টাগনে জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের এ সংক্রান্ত নথিপত্র সম্পর্কে অবহিত করা হয়েছে। ২০১৫ সাল পর্যন্ত প্রশাসনের বাজেট পরিকল্পনার প্রাকবীক্ষণও তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে।চার বছরের পর্যালোচনায় ছয়টি গুরুত্বপূর্ণ মিশনের রূপরেখা তুলে ধরা হয়েছে। পেন্টাগনের সামর্থ্য ও পেন্টাগন যে লক্ষ্য অর্জন করতে চায় সে সম্পর্কেও খুঁটিনাটি ব্যাখ্যা করা হয়েছে। রূপরেখায় গোয়েন্দা নজরদারি এবং আফগানিস্তান ও পাকিস্তানে আক্রমণ চালানোর জন্য পাইলটবিহীন বিমানের ব্যবহার বাড়ানোর বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন রিপার পাইলটবিহীন বিমান কেনার প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যমাত্রার কথাও বলা হয়েছে সেখানে। এ ছাড়া ২০১৩ সাল পর্যন্ত পাইলটবিহীন বিমানের হামলা বাড়ানোর বিষয়েও জোর দেওয়া হয়েছে।অতিরিক্ত তিন হাজার ৩০০ কোটি ডলারের অধিকাংশই ব্যয় হবে আফগান যুদ্ধে। নতুন আফগান কৌশলের আওতায় দেশটিতে অতিরিক্ত ৩০ হাজার সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বলেছেন, আগামী বছর প্রতিরক্ষা বিভাগের জন্য বাজেট বরাদ্দের অনুরোধ যখন করা হবে, তখন কংগ্রেসের কাছে ওই অতিরিক্ত অর্থ চাওয়া হবে। সামরিক কর্মকর্তারা বলছেন, ২০১১ সালের বাজেট বরাদ্দের অনুরোধ প্রথমবারের মতো ৭০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। তবে সঠিক অঙ্কটি এখনো প্রকাশ করা হয়নি। টাইমস অব ইন্ডিয়া।