দুই বছর ধরে বাজেট কাটছাঁট এবং আর্থিক অনিশ্চয়তার কারণে প্রশিক্ষণ খাতে বড় ধরনের ব্যয় হ্রাস করতে বাধ্য হয়েছে মার্কিন সামরিক বাহিনী। ফলে বর্তমানে যুদ্ধে যাওয়ার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে বাহিনীর মাত্র দুটি ব্রিগেড। সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা গত সোমবার এ কথা জানিয়েছেন।
অ্যাসোসিয়েশন অব দি ইউএস আর্মির বার্ষিক সম্মেলন সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়। এদিন এক সংবাদ সম্মেলনে জেনারেল রয় অডিয়ার্নো বলেন, ‘এই মুহূর্তে আমাদের সামরিক বাহিনীতে মাত্র দুটি ব্রিগেড রয়েছে, যারা যুদ্ধের জন্য প্রশিক্ষিত।’
জেনারেল অডিয়ার্নো এবং মার্কিন সামরিক বাহিনীর সেক্রেটারি জন ম্যাকহিউ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রশাসনিক অচলাবস্থার প্রভাব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি যে সার্বিক বাজেট কর্তনের কারণে সামরিক বাহিনী অর্থবছরের প্রায় মাঝপথে এসে গত মার্চ মাসে ব্যয় সংকোচন করতে বাধ্য হয়েছিল, সেটা নিয়েও তাঁরা আলোচনা করেন।
সামরিক বাহিনী যাতে কার্যকরভাবে পরিকল্পনা নিয়ে এগোতে পারে, সে জন্য বেশি হারে বরাদ্দ দেওয়ার উপায় বের করতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান ম্যাকহিউ ও অডিয়ার্নো। ম্যাকহিউ বলেন, বর্তমানে সামরিক বাহিনীকে যেভাবে অর্থ দেওয়া হচ্ছে, তা কার্যকর নয়।
মার্কিন সামরিক বাহিনীর ওপর গত মার্চ মাসের ব্যয় কর্তনের বিশেষ প্রভাব পড়ে। আফগানিস্তান যুদ্ধে ধার্য ব্যয়ের চেয়ে অনেক বেশি খরচ হওয়ার কারণে ওই ব্যয় কর্তন করতে বাধ্য হয় সেনাবাহিনী। বিশেষ করে অভিযান পরিচালনা ও প্রশিক্ষণ খাতে বরাদ্দ কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
জেনারেল অডিয়ার্নো সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা প্রশিক্ষণ থামিয়ে দিতে বাধ্য হয়েছি। বিশেষ করে চলতি বছরের গত ছয় মাসে এমন পরিস্থিতি হয়েছে।’
মার্কিন প্রতিরক্ষা খাতে অর্থ বরাদ্দ নিয়ে চলমান অনিশ্চয়তা অক্টোবরে শুরু হওয়া নতুন অর্থবছরে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্স।