ইউক্রেন-সংকট নিয়ে গতকাল বুধবার আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। মস্কোর বাহিনীকে ক্রিমিয়ায় অবস্থিত ঘাঁটিতে ফেরত নিতে রাজি করানো এবং একটি যুদ্ধের ঝুঁকি এড়াতে পাশ্চাত্যের প্রচেষ্টার অংশ হিসেবে এ বৈঠক হলো।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠক করেন। ইউক্রেন-সংকট শুরুর পর এটি ছিল তাঁদের প্রথম মুখোমুখি বৈঠক। প্যারিসে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের একটি সম্মেলনের পর তাঁরা ওই বৈঠক করেন।
ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে সেখানে সহিংস ঘটনার আশঙ্কা এখনো রয়েছে। ক্রিমিয়ার নিয়ন্ত্রণ এখনো রুশ সেনাদের হাতে। পাশাপাশি পূর্ব ইউক্রেনের রুশ ভাষাভাষী এলাকাগুলোতে মস্কো হস্তক্ষেপ করতে পারে—এমন উদ্বেগও রয়েছে। এমন পরিস্থিতিতে ন্যাটো ও রাশিয়া বেলজিয়ামের ব্রাসেলসে সমান্তরাল বৈঠক করতে যাচ্ছে।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা আজ বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠক করবেন। এর মধ্যে ইউক্রেন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি শান্ত না হলে রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করা হতে পারে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবার ক্রিমিয়ায় রুশ পদক্ষেপের বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েক মাস ধরে গণবিক্ষোভের মুখে দেশটির প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর স্বায়ত্তশাসিত এলাকা ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নেয় রুশ সেনারা। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে বারবার হুঁশিয়ারি দিলেও সেখান থেকে রুশ সেনাদের ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার কোনো ইঙ্গিত দেননি রুশ প্রেসিডেন্ট পুতিন। বরং প্রয়োজন হলে শেষ অবলম্বন হিসেবে ইউক্রেনে শক্তি প্রয়োগ করা হবে বলেও জানান দিয়েছেন তিনি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইউক্রেনে রাশিয়ার ন্যায়সংগত স্বার্থ রয়েছে, এটা ঠিক। তবে তা পুতিনকে সেখানে সামরিকভাবে হস্তক্ষেপ করার অধিকার দেয়নি। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের দৃশ্যত কিছু কৌঁসুলি রয়েছেন, যাঁরা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। তবে আমি এটা মনে করি না, তাঁদের ব্যাখ্যা কাউকে বোকা বানাতে পারবে।’
একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, ওবামা মঙ্গলবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তাঁরা ইউক্রেন-সংকটের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।
ইউক্রেনে ‘রক্তপাত অনুমোদন’ করবে না রাশিয়া: রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ ফ্রান্সের প্যারিসে আসার আগে স্পেনের রাজধানী মাদ্রিদে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেনে ‘রক্তপাত অনুমোদন’ করবে না। রয়টার্স ও বিবিসি।