যুদ্ধের ভয়াবহতা তুলে ধরা ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের শিশুটিকে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে বের করে এনে তুললেন অ্যাম্বুলেন্সে। শিশুটির মাথার জখম থেকে বের হওয়া রক্তে মুখ ভেসে যাচ্ছিল। শরীরের অন্যান্য স্থানেও ছোপ ছোপ রক্তের দাগ। পুরো গা ধুলোয় ভরা। এমনই দৃশ্যসংবলিত একটি ভিডিওচিত্র ভাইরাল, অর্থাৎ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, আলেপ্পোর পূর্বাঞ্চলের বিদ্রোহী-নিয়ন্ত্রিত কাতেরচি এলাকায় বুধবার সরকারি বাহিনীর বিমান হামলার শিকার ভিডিওচিত্রের শিশুটি। ওই দিন সেখানে বিমান হামলায় একটি বাড়ি ধসে পড়ে। তার ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা লোকজনের মধ্যে ছিল কয়েকটি শিশু।

সিরিয়ার অবরুদ্ধ আলেপ্পো নগরের স্বেচ্ছাসেবী সংগঠন আলেপ্পো মিডিয়া সেন্টার এই ভিডিও ইন্টারনেটে পোস্ট করেছে। সিএনএন নিরপেক্ষ সূত্র থেকে এর সত্যতা নিশ্চিত করতে পারেনি।

ভিডিওতে দেখানো শিশুটি ব্যথায় চিৎকার-চেঁচামেচি করছিল না। যেন পরিস্থিতির ধাক্কায় বিমূঢ়। কেবল এক হাত দিয়ে মুখের রক্ত মুছছিল সে। যুক্তরাজ্যের ডেইলি মেইল পত্রিকা বলেছে, শিশুটির নাম ওমরান দাকনিশ।

গত বছরের ২ সেপ্টেম্বর তুরস্কের উপকূলের সৈকতে পড়ে ছিল সিরীয় শরণার্থী শিশু আয়লান কুর্দির লাশ। যুদ্ধের শিকার হয়ে বাস্তুচ্যুত হওয়া আয়লানের মৃতদেহের সেই ছবি বিশ্বজুড়ে ঝড় তোলে। আয়লানের পর ওমরান দাকনিশের এই ছবিকে অন্যতম মর্মস্পর্শী ছবি হিসেবে মনে করা হচ্ছে।