যুদ্ধের রঙিন হাতিয়ার

যেখানে দেয়াল সেখানেই চিত্র। নানা বর্ণে ঝলমলে রঙিন। দেয়ালে কোথাও স্লোগান লেখা, কোথাও রাজনৈতিক নেতার ছবি, কোথাও-বা দুটো টুকরো কথা।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাস্তাঘাটে যেকোনো দেয়ালে চোখ পড়লেই দেখা যায় এসব চিত্র। তবে তা নিছক কোনো আঁকিবঁুকি নয়, স্বাধীনতাযুদ্ধের রঙিন হাতিয়ার।
তরুণ প্রজন্ম তাঁদের মনের কথাগুলো দেয়ালচিত্রের মাধ্যমে তুলে ধরছেন, অনবরত বলে যাচ্ছেন স্বাধীনতার কথা। দেয়ালচিত্রগুলো হয়ে উঠেছে তাঁদের প্রত্যয়দীপ্ত দাবি।
গতকাল মঙ্গলবার এএফপির খবরে জানানো হয়, গাজা উপত্যকা মিসর আর ইসরায়েলের মধ্যখানে এক টুকরো ভূখণ্ড। ১৮ লাখ জনসংখ্যার এই উপত্যকায় যুদ্ধ আর মত প্রকাশের স্বাধীনতার বড় মাধ্যম এই দেয়ালচিত্র।
দেয়ালচিত্রগুলোতে ঠাঁই পেয়েছে গাজাবাসীর জীবনের সঙ্গে যুক্ত এমন নানা বিষয়। রাফা সীমান্তে মিসরের বাড়াবাড়ির নিন্দা যেমন আছে, তেমনি আছে ইরেজ সীমান্ত পার হতে না দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলি সেনাদের কড়াকড়ির নিন্দাও। দেয়ালজুড়ে আছে গাজাবাসীর বন্দিত্বের কথা, ইসরায়েলের বন্দুকের সামনে গাজার ক্ষমতাহীন সাধারণ মানুষের অসহায়-বেদনার্ত মুখের ছবি, প্রিয়জনের শবযাত্রা, লাঞ্ছনা-নিপীড়নের কথা।
মাথায় কালো হ্যাট, পরনে জিনস আর সুপারম্যান টি-শার্ট পরা ২৫ বছরের যুবক নাঈম সামসুম বললেন, ‘এই দেয়ালে আঁকতে পেরে নিজেকে স্বাধীন মনে হয়। আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই, এখানকার মানুষ জীবনকে ভালোবাসে, অথচ তাঁদের মৃত্যু আর ধ্বংসের মধ্যেই থাকতে হয়।

রাজনীতির সঙ্গে গাজার মানুষের প্রতিনিয়ত ওঠাবসা। দেয়াল থেকে তাই বাদ পড়েনি ফিলিস্তিনের বিশিষ্ট রাজনীতিবিদদের ছবিও। ফাতাহ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাতের ছবির পাশে আছে প্রতিদ্বন্দ্বী হামাস আন্দোলনের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ছবিও। দুজনই ২০০৪ সালে মারা যান। আরাফাতকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ রয়েছে, আর ইয়াসিনকে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করে।
১৯৮৭ সালে ফিলিস্তিনের দাবি যখন জোরালো হতে শুরু করল, তখন থেকে গাজার দেয়ালগুলো রাজনৈতিক স্লোগান, বিভিন্ন বাণী, ধর্মঘট বা সমাবেশের সময়সূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে শুরু করে।
কেন তরুণেরা প্রতিবাদের হাতিয়ার হিসেবে দেয়ালচিত্রকে বেছে নিচ্ছেন, সে ব্যাপারে কথা বলেছেন শিল্পী ও ভাস্কর ফায়েজ আল-সারসায়ি। তাঁর মতে, দেয়ালচিত্রে বেশি খরচ নেই। মানুষের কাছেও সহজে পৌঁছানো যায়।
বাসেল আল-মাকুসি নামের একটি শিল্প গ্যালারির মালিক বলেন, ঝামেলা এড়িয়ে মানুষের কাছে নিজের বার্তাটি পৌঁছে দেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হলো দেয়ালচিত্র। আর এটি দেয়ালে থাকেও বেশি দিন।
বব মার্লের টি-শার্ট পরা ২০ বছরের তরুণ শিল্পী মুসাব আবু দাফ বলেন, ‘আমি দেয়ালচিত্র আঁকা শিখেছি। কারণ আমার কাছে এটি স্বাধীনতার একটি প্রকাশ মনে হয়। এর মাধ্যমে নিজেকে প্রকাশ করা যায়। জানানো যায় কোথায়, কীভাবে মানুষ বেঁচে আছে।’ এই তরুণ ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘ইসরায়েলিরা গাজায় আমাদের অবরুদ্ধ করে রেখেছে। কোথাও যেতে দেয় না। তাই সিদ্ধান্ত নিয়েছি, দেয়ালচিত্রের মাধ্যমে আমি জানাতে চাই গাজায় আমাদের সঙ্গে আসলে কী ঘটছে।’