যুদ্ধের সময় ধর্ষণ বন্ধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে বিশ্বের শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৮। এ ছাড়া উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির তীব্র নিন্দা জানানো হয়েছে এবং সিরিয়ার চলমান গৃহযুদ্ধ এই শতাব্দীর ‘ভয়াবহতম মানবিক সংকটে’ রূপ নিতে চলেছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ।গতকাল বৃহস্পতিবার লন্ডনে জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বলা হয়, যুদ্ধের সময় নারী এবং শিশুদের ওপর যৌন নির্যাতন, ধর্ষণকে যুদ্ধের একটি অস্ত্র হিসেবে ব্যবহারের প্রবণতা এখনো আফ্রিকায় বড় ধরনের একটি সমস্যা। এই সমস্যা নিরসনে এই প্রথম উন্নত দেশগুলো একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিল জি-৮। এই সমস্যা নিরসনে সাড়ে তিন কোটি ডলার জোগান দেওয়ার কথাও বলা হয়েছে।বৈঠকে এই প্রতিশ্রুতি ঘোষণার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, যুদ্ধের সময় নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতন বিশ্বের অন্যতম ঘৃণ্য অপরাধ। জেনেভা সনদে যারা সই করেছে, তাদের উচিত এই অপরাধ বন্ধে সর্বোচ্চ সবকিছু করা। এ ছাড়া বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মারমুখী ও উসকানিমূলক কর্মকাণ্ডের অত্যন্ত কড়া ভাষায় নিন্দা জানানো হয়েছে। জি-৮-এর পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, এতে করে দেশটি আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। এর পাশাপাশি সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ শতাব্দীর ‘ভয়াবহতম মানবিক সংকটে’ রূপ নিতে যাচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ায় পরিকল্পিতভাবে যুদ্ধের সব নিয়মকানুন ভাঙা হচ্ছে—আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) একটি নতুন প্রতিবেদনে এমন অভিযোগ করার মধ্যে হেগ এই সতর্কবাণী উচ্চারণ করলেন। সিরিয়া বিষয়ে হেগের এই মন্তব্যের এক দিন আগে বুধবার এসএনসির নেতারা জি-৮ ভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তাঁর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সিরিয়ার সরকার-বিরোধীদের প্রতি আরও মার্কিন সমর্থনের প্রতিশ্রুতি দেন।তবে সিরীয় বিদ্রোহীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি ও আল-কায়েদার প্রতি অনুগত গোষ্ঠী জাবাত আল-নুসরার একটি ঘোষণা লন্ডনে জি-৮-এর বৈঠকে ছায়া ফেলেছে। এক অডিও বার্তায় গোষ্ঠীটির নেতা আবু মোহাম্মদ আল-গোলানি আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির প্রতি তাঁর গোষ্ঠীর আনুগত্যের আনুষ্ঠানিক স্বীকৃতি দেন। সেনা অভিযানে শিশুসহ নিহত ৫৭: সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সরকারি বাহিনীর অভিযানে ৫৭ জন নিহত হয়েছে। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। সংগঠনটি জানায়, গত মঙ্গলবার দারা প্রদেশের আল-সানামেইন ও ঘাবাগহেব এলাকায় দায়িত্ব পালনকারী সিরীয় বাহিনীর কয়েকজন সদস্য স্বপক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেন। এ ঘটনার পর বুধবার সরকারি সেনারা এলাকা দুটিতে অভিযান জোরদার করে। এ সময় সংঘর্ষে নিহত ব্যক্তিদের মধ্যে কমপক্ষে ছয়টি শিশু ও সাতজন নারী রয়েছে। বিবিসি, দ্য টেলিগ্রাফ ও এএফপি।