যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্ব এখন যুদ্ধ ও শান্তি, বিশৃঙ্খলা ও মিলন এবং ভয় ও আশার দোলাচলে। গতকাল বুধবার জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ওবামা তাঁর ভাষণে ইরাক ও সিরিয়ায় যুদ্ধ, ইউক্রেন পরিস্থিতি, ইবোলার প্রকোপসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা জানান। খবর সিএনএনের।
ইরাক ও সিরিয়া যুদ্ধ: ওবামার ভাষণের বেশির ভাগ অংশজুড়েই ছিল জঙ্গিবাদ। তিনি বলেন, আইএসের ওপর বিমান হামলা চলবে। স্থলে এই জঙ্গিদের সঙ্গে লড়তে বাহিনীদের প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়া হবে। একই সঙ্গে আইএসের অর্থায়ন ও যোদ্ধা সংগ্রহ বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। ওবামা আরও বলেন, ইতিমধ্যে ৪০টির বেশি দেশ জঙ্গিবাদবিরোধী যুদ্ধের জোটে যোগ দিয়েছে।
ইউক্রেন সংকট: রুশপন্থী বিদ্রোহীদের গুলি করে মালয়েশিয়ান বিমান ভূপাতিত করার কথা স্মরণ করে ওবামা বলেন, রাশিয়ার সম্পৃক্ততা ইউক্রেনকে এমন একটি স্থানে পরিণত করে তুলেছে, যেখানে কোনো সভ্য মানুষ স্বজনের খোঁজে যেতে পারে না। কারণ, এতে সত্য বেরিয়ে আসতে পারে। তবে রাশিয়া অবস্থান থেকে সরে এলে তাদের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
ইবোলা: ইবোলা প্রতিরোধে আফ্রিকায় নিরাময়কেন্দ্র নির্মাণে স্বাস্থ্যকর্মী ও সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মোকাবিলায় আরও বড় পরিসরে কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়।
ইরানের পরমাণু কর্মসূচি: ওবামা ইরানের উদ্দেশে বলেন, দেশটির বিদ্যুৎ সমস্যা সমাধানে তাঁরা আলোচনায় আগ্রহী, তবে এর আগে তাদের কর্মসূচি যে শান্তিপূর্ণ, তা নিশ্চিত করতে হবে।
যুক্তরাষ্ট্রে ভূমিকা: ওবামা বলেন, যুক্তরাষ্ট্র কিছু সময়ের জন্য মধ্যপ্রাচ্যে, বিশেষত সিরিয়ায় সংকট নিয়ে কাজ করবে।