যে কারণে কেজরিওয়ালের ভূমিকা নিতে পারেননি ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে পাকিস্তানে নির্বাচনের পর পাকিস্তানে ক্ষমতার কেন্দ্রে আসে সাবেক ক্রিকেটার ইমরানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আর গত বছরের ডিসেম্বরে ভারতের রাজধানী দিল্লিতে ক্ষমতাসীন হয় অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি)।

প্রধান দুটি রাজনৈতিক জোটের বাইরে তৃতীয় শক্তি হিসেবেই দল দুটি নিজেদের জাহির করার চেষ্টা করে। এ ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল কিছু নাগরিক সুবিধা (বিদ্যুত্, পানিতে ভর্তুকি, শিক্ষার মানোন্নয়ন) দেওয়ার মাধ্যমে তাঁর প্রতিশ্রুতির কিছুটা হলেও বাস্তবায়ন করেছেন। বিপরীতে ইমরান খান সে ভূমিকায় অবতীর্ণ হতে পারেননি। জনগণের মন জয়ে কেজরিওয়ালের তুলনায় তাঁর এ ম্রিয়মানতা নিয়ে আজ একটি নিবন্ধ ছেপেছে পাকিস্তানভিত্তিক ডন নিউজ। সেখানে ইমরানের ব্যর্থতাগুলোর কারণগুলো তুলে ধরা হয়েছে।

প্রতিশ্রুতির ফুলঝুড়ি বনাম বাস্তবমুখিতা
দিল্লির নির্বাচনে এএপির ইশতেহারটি ছিল বেশ গুছানো, বিশদ ব্যাখ্যা করা এবং সম্পূর্ণই বাস্তবসম্মত। এর কয়েকটি (যেমন: বাড়িপ্রতি ৭০০ লিটার পানি সরবরাহ, ভারতীয় পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে স্বচ্ছতা আনা এবং দীর্ঘমেয়াদে বৃষ্টির পানির ওপর ভিত্তিতে করে আবাদ) বাস্তবায়ন শুরু করেছে এএপি। নতুন একটি আইন করা হয়েছে যাতে মন্ত্রী, সাংসদ, সচিবসহ সব সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যেকোনো অভিযোগের তদন্ত ও মামলার কার্যক্রম ছয় মাসের মধ্যে শেষ করতে হবে। এ ধরনের কাজের মধ্য দিয়ে এএপি ভোটারদের আস্থা অর্জন করেছে।
পক্ষান্তরে পিটিআই যেসব প্রতিশ্রুতির ফুলঝুড়ি দিয়েছিল তা দৃশ্যত সমর্থক বাড়ানোর জন্য কিংবা গণমাধ্যমের নজর কাড়ার হাতিয়ার হিসেবে। কিন্তু দলটির প্রতিশ্রুতি এবং তা বাস্তবায়ন না করা তাদের গতানুগতিক দলগুলোর কাতারেই ফেলে দিয়েছে। যেমন: পিটিআই বিদ্যুেক অগ্রাধিকার দিয়ে পাকিস্তানের বিদ্যুত্ পরিস্থিতির উন্নয়ন ঘটাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ব্যক্তিগত মালিকানার বিদ্যুত্ কোম্পানিগুলোর ওপর কার্যকর নিয়ন্ত্রণ আরোপ করতে পারেনি। তাতে বিদ্যুত্ পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
পিটিআইয়ের ইশতেহারে বেশির ভাগ বিষয়ই ছিল স্লোগানের মতো। ফলে এগুলো বাস্তবায়নেও কাজের কাজ হয়নি।

ক্ষমতা বনাম আদর্শ
এএপি দিল্লি থেকে তাদের যাত্রা শুরু করে। এমনকি তারা গোটা রাজ্য নিয়েও তাদের আন্দোলন শুরু করতে পারেনি। দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া তাদের ইশতেহারের অন্যতম ছিল। তাদের কৌশল ছিল ছোট থেকে শুরু ভিত্তি শক্ত ও বিস্তৃত করা। অন্যদিকে পিটিআই খণ্ডিত কিছু চায়নি। বরঞ্চ তারা নিরঙ্কুশ ক্ষমতা চেয়েছে। দল গঠনের এক বছর পর ১৯৯৭ সালের নির্বাচনে পিটিআই ১৩৪টি আসনে প্রার্থী দেয়। জিততে পারেনি একটিতেও। আর ভোট পায় মাত্র ১.৬৫ শতাংশ। ২০০২ সালে পিটিআই ৯৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি জিতেছিল। ফলে বাধ্য হয়েই ২০১৩ সালে কৌশল পরিবর্তন করেন ইমরান। ফলে বেশ কিছু আসন পায় ইমরানের দল। কিন্তু কৌশল পরিবর্তনের ফলে রাজনীতি থেকে পুরোদমে দুর্নীতি দূর করার মন্ত্র আর থাকল না।
মূলত বাস্তবমুখিতা এবং কৌশলগত ভুলের কারণে ইমরান পিছিয়ে পড়েছেন কেজরিওয়ালের কাছ থেকে। ইমরান প্রতিশ্রুতি দিয়েও গতানুগতিক ধারায়ই পথ চলেছেন।