যে কারণে ডিম্বাণু হিমায়িত করছেন নারীরা

ছেলেদের কারণেই নারীদের মধ্যে বাড়ছে ডিম্বাণু হিমায়িত করার প্রবণতা। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। আজ মঙ্গলবার ডেকান ক্রনিকালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেরিতে সন্তান নেওয়ার জন্য অনেক নারীই তাঁদের ডিম্বাণু হিমায়িত করার সিদ্ধান্ত নেন। গবেষকেরা একসময় মনে করতেন, নিজেদের ক্যারিয়ার গড়তেই এ সিদ্ধান্ত নেন নারীরা। কর্মজীবনের শুরুতে সন্তান যেন বাধা না হয়, তাই থিতু হয়েই মা হতে চান অনেকে।
তবে নতুন এক গবেষণায় দেখা গেছে নারীদের ডিম্বাণু হিমায়িত করার সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হলো পুরুষ। যথার্থ পুরুষ, যিনি দায়িত্ব গ্রহণে প্রস্তুত, এমন সঙ্গী খুঁজে পান না বলেই নারীরা ডিম্বাণু হিমায়িত করে রাখার সিদ্ধান্ত নেন। দেখা গেছে, যেসব নারী ডিম্বাণু হিমায়িত করার সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁদের বেশির ভাগই একা আছেন, অথবা সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন। এ ছাড়া ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পেয়েও এমন সিদ্ধান্ত নিচ্ছেন অনেকে। তাঁরা পরবর্তী সময়ের জন্য পথ খোলা রাখতে চান। অবশ্য অনেকেই ‘সিঙ্গেল মাদার’ হয়ে থাকতে চান বলে ডিম্বাণু হিমায়িত করেন।
চলতি বছরে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৭৬ হাজার নারী ডিম্বাণু হিমায়িত করার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। এ ছাড়া গত আট বছরে যুক্তরাজ্যে হিমায়িত ডিম্বাণু নিষিক্তকরণের মাধ্যমে ৪৭১টি শিশুর জন্ম হয়েছে। মূলত সম্পর্কের প্রতি পুরুষের দায়বদ্ধতার অভাব ও পিতৃত্বের প্রতি অনীহার কারণেই নারীরা এ সিদ্ধান্ত নিচ্ছেন—গবেষণা এমনটিই বলছে।