যে কারণে নির্বাচন ঢিমেতেতালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যবেক্ষকেরা বলছেন, মিসরে নির্বাচন পদ্ধতির দীর্ঘ প্রক্রিয়ার কারণে নির্বাচিত সরকার পেতে জনগণের অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে। আরব বসন্তে দেশটির প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির দায়িত্ব গ্রহণ করে সামরিক পরিষদ। আগামী বছরের মাঝামাঝি সময় ওই পরিষদ নির্বাচিত প্রেসিডেন্টের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছে।দুই কক্ষবিশিষ্ট মিসরের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম পিপলস অ্যাসেম্বলি, উচ্চকক্ষের নাম শুরা অ্যাসেম্বলি। পিপলস অ্যাসেম্বলির মোট আসন ৫০৮টি। এর মধ্যে সামরিক কাউন্সিল ১০টি আসনে সদস্য নিয়োগ দেবে। বাকি ৪৯৮টি আসনের দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৩৩২টি আসন ভাগ হবে রাজনৈতিক দল বা জোটের মধ্যে প্রাপ্ত ভোটের ভিত্তিতে। অবশিষ্ট ১৬৬টি আসনের নির্বাচনে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে এখানে অর্ধেক আসন পাবেন ‘পেশাজীবী’, বাকি অর্ধেক আসন পাবেন ‘শ্রমিক’ বা ‘কৃষক’। কোনো জেলার একটি আসন পেশাজীবী পেলে অন্য আসনটি অবশ্যই কৃষক বা শ্রমিক পাবেন। এরপর আবার নির্বাচনে জয়ী প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে সেখানে পুনরায় ভোট (রান অফ) গ্রহণ করা হবে।দ্বিতীয় দফায় যে নয়টি প্রদেশে ভোট গ্রহণ শুরু হয়েছে, সেই সব প্রদেশে রান অফ ভোট গ্রহণ করা হবে ২১ ও ২২ ডিসেম্বর। তৃতীয় দফা ভোট গ্রহণ শুরু হবে ৩ জানুয়ারি। পরদিনও ভোট গ্রহণ চলবে। রান অফ ভোট হবে ১০ ও ১১ জানুয়ারি। গত ২৮ ও ২৯ নভেম্বর প্রথম দফা নির্বাচনের পর রান অফ ভোট হয় ৫ ও ৬ ডিসেম্বর।আগামী ১৩ জানুয়ারি নিম্নকক্ষ পিপলস অ্যাসেম্বলির নির্বাচনের ফল ঘোষণা করার কথা রয়েছে।এর পরে শুরু হবে উচ্চকক্ষ শুরা অ্যাসেম্বলির নির্বাচন। এই নির্বাচনও তিন দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফা নির্বাচন হবে ২৯ ও ৩০ জানুয়ারি। এই দফা নির্বাচনের রান অফ ভোট হবে ৫ ও ৬ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ করা হবে ১৪ ও ১৫ ফেব্রুয়ারি, রান অফ ভোট হবে ২১ ও ২২ ফেব্রুয়ারি। সর্বশেষ দফার ভোট হবে ৪ ও ৫ মার্চ। শেষ দফার রান অফ ভোট গ্রহণ করা হবে ১১ ও ১২ মার্চ। আগামী ১৪ মার্চ এই নির্বাচনের ফল ঘোষণা করার কথা রয়েছে।সব মিলিয়ে পার্লামেন্টের দুই কক্ষের ভোট গ্রহণ ও ফল ঘোষণায় প্রায় আড়াই মাস সময় লেগে যাবে। এই দীর্ঘ নির্বাচন পদ্ধতির কারণেই মিসরের জনগণকে নির্বাচিত সরকারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। রয়টার্স।