যে কারণে রাশিয়া স্নায়ুযুদ্ধে অক্ষম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের ক্রিমিয়া নিয়ে মুখোমুখি অবস্থানে বর্তমান বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্র ও একসময়ের পরাশক্তি রাশিয়া। ক্রিমিয়া উপদ্বীপটির ওপর সার্বভৌম অধিকার ইউক্রেনের, তবে বর্তমানে মস্কো সেখানে সেনা মোতায়েন করেছে।

মস্কোর এ ধরনের কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। প্রয়োজনে তারা রাশিয়ার ওপর নানা কঠোর অবরোধ আরোপেও একমত। হঠাত্ করেই উপদ্বীপটি নিয়ে আরেকটি স্নায়ুযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে বিশ্ববাসীর মনে।

তবে মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস মনে করে, রাশিয়া যত গর্জন করছে, ততটা বর্ষাতে পারবে না। এ মুহূর্তে এ ধরনের স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়ার সামর্থ্য নেই তাদের। দেশটি কার্যত এ বিষয়ে অক্ষম।

প্রতিবেদনের শুরুতেই নিউইয়র্ক টাইমস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘স্বৈরশাসক’ বলে মন্তব্য করেছে, যিনি যুক্তরাষ্ট্রকে ‘উগ্রপন্থী ও জাতীয়তাবাদী’ বলে দোষারোপ করেছে। পত্রিকাটির ভাষ্যমতে, আগে রাশিয়া স্নায়ুযুদ্ধে জড়াতে পারলেও এখন পারবে না। কারণ আগে তাদের পুঁজিবাজার ছিল না, এখন আছে।

প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে রাশিয়ায় নামমাত্র গণতন্ত্র আছে। বাস্তবে সেখানে চলছে স্বৈরতন্ত্র। তবে তাঁর সেই স্বৈরতান্ত্রিক মানসিকতার ধস নামানোর জন্য মস্কোর শেয়ারবাজারই যথেষ্ট। সূচকের উত্থান-পতনের সঙ্গে সঙ্গে পুতিনের সামরিক ও কূটনৈতিক উদ্যোগও ওঠা-নামা করে।

নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর মিখাইল গর্ভাচেভ মস্কো স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেন। এর আওতায় দেশটির সব ধরনের ব্যবসা পরিচালনার নির্দেশনা জারি করা হয় তখন। সেই থেকে দেশটির অর্থনীতিতে বড় সঞ্চালকের ভূমিকায় এই পুঁজিবাজার।

যুক্তরাষ্ট্র-রাশিয়া উত্তেজনা দেখা দেওয়ার পর থেকে অনেকটাই অস্থির আচরণ করছে এই পুঁজিবাজার। ওয়াশিংটনে পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকসের সিনিয়র ফেলো আন্দ্রেস আসলুন্দ বলেন, গত সোমবার রাশিয়ার পুঁজিবাজারের সূচক আরটিএসআই ১২ শতাংশের বেশি কমেছে। অর্থনৈতিক স্থিরতার লক্ষ্যে রাশিয়ান মুদ্রার সুরক্ষায় সুদের হার বাড়াতে কেন্দ্রীয় ব্যাংককে নানা তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে।

রাশিয়ায় পুঁজিবাদের বিকাশের কারণে বৈশ্বিক বাণিজ্যে তাদের বিনিয়োগ বেড়েছে, প্রভাব বাড়ছে। সর্বশেষ স্নায়ুযুদ্ধের সময় রাশিয়ায় ধনকুবেরের সংখ্যা ছিল মাত্র কয়েকজন। এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। ফোর্বস সাময়িকীর সর্বশেষ তালিকা অনুযায়ী, ধনকুবেরের দিক থেকে রাশিয়ার অবস্থান তৃতীয় স্থানে।

রাশিয়ায় অনেক বড় বড় প্রতিষ্ঠানের বিনিয়োগ আছে। দেশটির জ্বালানি খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান গ্যাজপ্রমের বড় অংশের মালিকানা রাশিয়ার সরকারের। জে পি মর্গান সিকিউরিটিজের তথ্যমতে, লন্ডন স্টক এক্সচেঞ্জভুক্ত এ প্রতিষ্ঠানটির শেয়ারের বেচাকেনা যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সের স্টক এক্সচেঞ্চ থেকেও করা হয়। রাশিয়ার অনেক ব্যাংক-বিমা বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে নিজেদের বদলে নিয়েছে। ফলে পুঁজির সব অংশ কেবল রাশিয়ায় থাকে না। বিশ্বের বিভিন্ন অংশেই তা ছড়িয়ে পড়ে। ফলে অর্থের ওপর একক কর্তৃত্ব নেই রাশিয়ার। যুদ্ধ চালাতে গেলে যে অর্থের প্রয়োজন হবে, তার জোগান দেওয়ার মতো অর্থ রাশিয়ার সরকারের একক কর্তৃত্বে নেই।

বিশ্লেষকেরা ইউক্রেনের ঘটনাকে প্রভাববলয় ধরে রাখতে মরিয়া রাশিয়া ও পাশ্চাত্যের মধ্যে কৌশলগত লড়াইয়ের অংশ হিসেবে দেখছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ গত বছরের নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে এক সুদূরপ্রসারী অর্থনৈতিক চুক্তি বাতিল করে দিলে গোলযোগের সূত্রপাত হয়। সোভিয়েত আমলের সাবেক অভিভাবক রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই ছিল প্রেসিডেন্টের ওই সিদ্ধান্তের কারণ। প্রতিবাদে বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় ইয়ানুকোভিচকে।

ক্রিমিয়াকে নিজেদের জিম্মায় রাখতে রাশিয়ার মরিয়া চেষ্টার পেছনেও আছে বাণিজ্য। ইউক্রেন অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে আছে। দেশটি ইইউর প্রভাববলয়ের মধ্যে চলে গেলে আদতে ক্ষতিগ্রস্ত হবে রাশিয়ার অর্থনীতি। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো নিয়ে ইইউর আদলে ইউরোশিয়া গঠনের যে স্বপ্ন পুতিন দেখছেন, তাও ফিকে হয়ে যেতে পারে।

রাশিয়ার অর্থনীতিবিদ তালবোত বলেন, ইউক্রেন এ অঞ্চলের সংস্কৃতির প্রাণকেন্দ্র। কিয়েভ-মস্কোর বন্ধন প্রায় ৩০০ বছরের। তাই রাশিয়া সহজে যেমন এ অঞ্চলে নিজেদের প্রভাব ক্ষুণ্ন হতে দেবে না। তেমনি আরেকটি স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেশটির নেই। বর্তমানে যা চলছে, তার পুরোটাই মূলত ‘কথা যুদ্ধ’।