যে কারণে হঠাৎ ভোটের ডাক থেরেসা মের
ক্ষমতাসীন কনজারভেটিভ দলের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা, বিরোধী দল লেবার পার্টি স্মরণকালের সবচেয়ে দুর্বল অবস্থান, দেশের পরিস্থিতিও স্বাভাবিক, এমন অবস্থায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের আগাম সাধারণ নির্বাচন ডাকার ঘটনা লন্ডনে রাজনীতি-সংশ্লিষ্টদের রীতিমতো ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে।
২০২০ সালে যুক্তরাজ্যের পরবর্তী পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। কিন্তু গত মঙ্গলবার প্রধানমন্ত্রী থেরেসা মে হুট করেই ঘোষণা দেন, ৮ জুন সাধারণ নির্বাচন করতে চান তিনি। বিরোধীরা একে তাৎক্ষণিকভাবেই স্বাগত জানিয়েছিল। গতকাল বুধবার পার্লামেন্টের ভোটেও মধ্যবর্তী নির্বাচনের এ প্রস্তাব সহজেই ৫২২-১৩ ভোটে পাস হয়ে যায়। এ জন্য প্রয়োজন ছিল দুই-তৃতীয়াংশ ভোট।
প্রসঙ্গত, আগামী ২ মে পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী থেরেসা মে দাবি করেছেন, ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) বাস্তবায়নে বিরোধী দলগুলোর অসহযোগিতা এবং রাজনৈতিক খেলা বন্ধ করতে তিনি আগাম নির্বাচন দিয়েছেন। কিন্তু বিশ্লেষকেরা এটিকে আগাম নির্বাচনের বড় কোনো কারণ বলে মনে করছেন না। বিবিসির রাজনীতিবিষয়ক সম্পাদক লরা কুইন্সবার্গ বলছেন, ব্রেক্সিট প্রশ্নে বিরোধী দলগুলোর ভিন্নমত আছে, কিন্তু তা সরকারের জন্য বড় বাধার সৃষ্টি করেনি। সরকারের শীর্ষ ব্যক্তিদের মতামত যাচাই করে তিনি বলছেন, নির্ধারিত সময় অনুযায়ী ২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাজ্যের ইইউ ছাড়ার কথা। একই সময়ে ক্ষমতাসীন দলকে ২০২০ সালের সাধারণ নির্বাচনের জন্যও প্রস্তুতি শুরু করতে হবে। স্বাভাবিকভাবেই সরকারকে ব্রেক্সিট ইস্যুর সমাধান নিয়ে হুড়োহুড়ির মধ্যে পড়তে হবে। আবার ব্রেক্সিট সমঝোতার ফলাফলও ওই নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠতে পারে। অনির্বাচিত প্রধানমন্ত্রীর তকমা নিয়েও সন্তুষ্ট নন মে। গার্ডিয়ান পত্রিকার কূটনৈতিক সম্পাদক প্যাট্রিক উইনটোর বলছেন, ইইউ নেতাদের অনেকেই মনে করেন বিরোধীদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে অনির্বাচিত প্রধানমন্ত্রী থেরেসা মে নিজের ইচ্ছামাফিক ব্রেক্সিট বাস্তবায়ন করতে পারবেন না। তাই ভোটে জিতে নিজের অবস্থান শক্তিশালী করার কৌশল নিয়েছেন থেরেসা।
তবে সব ভাষ্যকার একমত, থেরেসা মের জন্য আগাম নির্বাচনের সব হিসাব সহজ করে দিয়েছে বিরোধী দল লেবার পার্টির দুর্বল অবস্থান।