যে গ্রাম কাকতাড়ুয়াদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ঠিক ১৩ বছর আগের কথা। জমি থেকে পাখিরা যাতে ঠোকর দিয়ে শস্যদানা চুরি করতে না পারে, এজন্য খড় দিয়ে প্রথমবারের মতো কাকতাড়ুয়া তৈরি করেছিলেন জাপানের সুকিমি আয়ানো। কাকতাড়ুয়া তৈরির পর দেখা গেল, এটি দেখতে তাঁর বাবার বানানো কাকতাড়ুয়ার মতোই হয়েছে। সেই যে শুরু হলো, তারপর আর নিজেকে থামাতে পারেননি সুকিমি। বানিয়ে গেছেন একের পর এক কাকতাড়ুয়া।

আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, জাপানের দক্ষিণে অবস্থিত ছোট্ট গ্রাম নাগোরো পরিণত হয়েছে কাকতাড়ুয়ার গ্রামে। এ গ্রামে যতজন মানুষের বাস, তার চাইতে কাকতাড়ুয়ার সংখ্যা তিনগুণেরও বেশি। কাজের সন্ধানে গ্রামের বাসিন্দারা শহরমুখী হওয়ায় এখানে এখন খুব কম মানুষের আনাগোনা।

সুকিমি আয়ানো বলেন, ‘এই গ্রামে মাত্র ৩৫ জন মানুষ বাস করেন। কিন্তু এখানে কাকতাড়ুয়ার সংখ্যা ১৫০।’

কেবল পাখিদের অযাচিত আক্রমণ ঠেকানো নয়, সুকিমি কাকতাড়ুয়াকে রীতিমতো শিল্পে রূপান্তর করেছেন। প্রতিটি কাকতাড়ুয়া তিনি নিজ হাতে তৈরি করেন। কাঠের কাঠামোর ওপর খবরের কাগজ ও কাপড় দিয়ে কাকতাড়ুয়া তৈরি করে তাদের পোশাক পরানো হয়।

দুই শিক্ষার্থী স্নাতক পাস করার পর এই গ্রামের স্কুলটি বন্ধ হয়ে যায় ২০১২ সালে। তবে স্কুলভবনটি এখনো কাকতাড়ুয়া শিক্ষার্থী-শিক্ষক দিয়ে ভরিয়ে রেখেছেন আয়ানো। সেখানে শিক্ষার্থীরা চেয়ার–টেবিলে বসে ক্লাস করে। শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখে পড়ান।

গ্রামের বাসিন্দা যারা তাদের দাদা-দাদিকে হারিয়েছে, অনেক সময় তাদের অনুরোধে আয়ানো মৃত মানুষগুলোর আদলে তৈরি করে দেন পুতুল।

নাগোরোর পথে-ঘাটে, ঘরে-বাইরে, সড়কে, গাছে, স্কুলে, দোকানে, বাস স্টপে—কোথায় নেই সুকিমির তৈরি এসব কাকতাড়ুয়া। বাস স্টপে রাখা যেসব কাকতাড়ুয়াকে অপেক্ষা করতে দেখা যায়, সেসব স্টপেজে কখনো কোনো বাস থামে না। তাদের অপেক্ষারও তাই আর ইতি ঘটে না। সুকিমির তৈরি কাকতাড়ুয়াগুলো যেন একেকটি মুহূর্তকে ধরে রেখেছে। সময় যেন তাই তাই থমকে গেছে।

অভিনব এই ‘কাকতাড়ুয়া গ্রাম’ দেখতে পর্যটকেরা নাগোরোতে ভিড় জমাচ্ছেন। আর পর্যটকদের নিজের কীর্তি দেখাতে পেরে সুকিমিও বেজায় খুশি।