যে ছবি ছাপেনি ইকোনমিস্টের প্রকাশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকোনমিস্টের ছাপা সংস্করণের সাদা পৃষ্ঠা
ইকোনমিস্টের ছাপা সংস্করণের সাদা পৃষ্ঠা

ব্রিটেনের প্রভাবশালী ইংরেজি সাপ্তাহিক ‘দ্য ইকোনমিস্ট’-এর ১৭ জানুয়ারির সংখ্যায় ফ্রান্সের ব্যঙ্গাত্মক সাপ্তাহিক শার্লি এবদো ও ফ্রান্সের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনের ভেতরে শার্লি এবদোর সর্বশেষ সংখ্যায় প্রকাশিত প্রচ্ছদের ছবি ছাপা হয়। কিন্তু ইকোনমিস্টের সিঙ্গাপুরের প্রকাশক ওই ছবি ছাপতে অস্বীকার করেন। কারণ ওই ছবিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল।
এ জন্য বাংলাদেশের পাঠকেরা ইকোনমিস্টের ছাপা সংস্করণের একটি পৃষ্ঠা সাদা পেয়েছেন।
দ্য ইকোনমিস্টের ঘোষণায় বলা হয়, ‘আমাদের বেশির ভাগ সংস্করণেই এই পৃষ্ঠাটিতে শার্লি এবদোর চলতি সংখ্যার প্রচ্ছদটি প্রকাশ করা হয়েছে। কিন্তু আমাদের সিঙ্গাপুরের প্রকাশক শার্লি এবদোর ওই প্রচ্ছদটি ছাপাতে অস্বীকার করেন।’ এ কারণেই দ্য ইকোনমিস্টের সিঙ্গাপুর সংস্করণে ১৭ জানুয়ারি সংখ্যায় প্রতিবেদনটি ছাপা হলেও প্রচ্ছদের জায়গায় পৃষ্ঠাটি ফাঁকা রাখা হয়।
সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে শার্লি এবদোর কার্যালয়ে হামলা চালায় তিন বন্দুকধারী। ওই হামলায় নিহত হন পত্রিকাটির প্রধান সম্পাদকসহ আট সাংবাদিক, দুই পুলিশ সদস্য ও অন্য দুজন। ওই হামলার পর পত্রিকাটির এটা নতুন সংখ্যা।
ওই ঘটনার পরের দুই দিন প্যারিসে আরও দুটি সন্ত্রাসবাদী হামলায় নিহত হন পাঁচজন। এরপর সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংহতি জানিয়ে দেশজুড়ে প্রায় ৪০ লাখ মানুষ শোভাযাত্রা করে।