যে তিন প্রস্তাবের নিশ্চিত বিরোধিতা করবে কানাডা-মেক্সিকো

উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তি (নাফটা) নিয়ে পুনরালোচনার বিষয়ে ট্রাম্প প্রশাসনের নির্ধারিত লক্ষ্য প্রকাশ হয়েছে। ২৪ জুলাই প্রকাশিত এ লক্ষ্যগুলোর বেশ কয়েকটি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বিতর্ক উসকে দেবে বলে মনে করছেন বাণিজ্য-সংশ্লিষ্ট ব্যক্তিরা। এমনকি বাণিজ্য আইনজীবীদের (ট্রেড লইয়ার) পক্ষেও ট্রাম্প প্রশাসনের ১৭ পৃষ্ঠার এ নথি হজম করা কঠিন হয়ে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
বাণিজ্য আইনজীবীদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নাফটা অনেক বড় একটি চুক্তি। এ চুক্তির আওতায় গত বছর আমেরিকা, কানাডা ও মেক্সিকোর মধ্যে মোট ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার সমপরিমাণ বাণিজ্য হয়েছে। কিন্তু এ চুক্তির পুনরালোচনায় আমেরিকার পক্ষ থেকে যে বিষয়গুলোয় আগ্রহ তুলে ধরা হয়েছে, তা তিন দেশের মধ্যে নাটকীয় পরিস্থিতির জন্ম দিতে পারে। অন্তত তিনটি প্রস্তাবের বিরোধিতা কানাডা ও মেক্সিকো যৌথভাবে করবে বলে তাঁরা মনে করেন।
মতৈক্যের কৌশল নির্ধারণী অংশ বাদ দেওয়া
নাফটা চুক্তির ১৯তম পরিচ্ছেদ বাদ দেওয়ার প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। চুক্তির এ অংশ মার্কিন-কানাডা সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন থেকে সংকট হিসেবে বিবেচিত। এ পরিচ্ছেদে বিতর্কিত বিষয় মীমাংসার কৌশল বর্ণিত রয়েছে। এ অংশটি বাদ পড়লে দুই দেশের বাণিজ্যে ‘ইটের বদলে পাটকেল’ নীতি উৎসাহিত হবে, যা ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
চুক্তির ১৯তম পরিচ্ছেদ তিন দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকসের জ্যেষ্ঠ ফেলো চ্যাড বাউন বলেন, এ অংশটি চুক্তি থেকে বাদ দেওয়া হলে, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে এখনকার চেয়ে অনেক বেশি অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপের ঘটনা ঘটতে পারে। আর এ কারণেই দেশ দুটি এ প্রস্তাবের সুস্পষ্ট বিরোধিতা করবে।
মার্কিন বাণিজ্য সুরক্ষাব্যবস্থা জোরদার
মার্কিন শিল্পকে উৎসাহিত করতে প্রশাসন আমদানি করা যেকোনো পণ্যের ওপর বাড়তি শুল্ক বা অনুরূপ কিছু আরোপ করার ক্ষমতা রাখে। নাফটার আওতায় এ সুরক্ষাব্যবস্থার বাইরে ছিল এত দিন কানাডা ও মেক্সিকো। কিন্তু এ সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। ফলে আমেরিকার সঙ্গে বাণিজ্যে দেশ দুটি আগের চেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এ প্রস্তাবেরও সুস্পষ্ট বিরোধিতা করবে কানাডা ও মেক্সিকো।
কৃষিপণ্যের ওপর থেকে অশুল্ক বাধা প্রত্যাহার
আমেরিকা থেকে কৃষিপণ্য রপ্তানিতে বিদ্যমান অশুল্ক বাধাসহ বিভিন্ন বৈষম্যমূলক ব্যবস্থা প্রত্যাহারের প্রস্তাবও দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ ছাড়া পণ্যমূল্যে বিদ্যমান অসাম্যসহ বিভিন্ন বাধা অপসারণের কথা বলা হয়েছে এতে। বিশ্লেষকেরা বলছেন, বিশেষত কানাডার সঙ্গে দুগ্ধজাত ও কৃষিপণ্যের দাম ও বাজার নিয়ে আমেরিকার বিরোধের কথা মাথায় রেখেই এ প্রস্তাব করা হচ্ছে। কানাডা দুগ্ধজাত পণ্যের বাজারের সুরক্ষায় রক্ষণশীল আচরণ করছে বলে অভিযোগ মার্কিন প্রতিনিধিদের। এ সুরক্ষাব্যবস্থা তুলে নেওয়ার কথাই বলা হয়েছে নাফটা আলোচনার জন্য মার্কিন প্রস্তাবে। এ ক্ষেত্রে আমেরিকা মুক্ত বাণিজ্যই চাইছে। যদিও ১৯তম পরিচ্ছেদ, বৈশ্বিক সুরক্ষাব্যবস্থার মতো বিধানগুলো বাতিলের কথা বলছে একই প্রশাসন। স্বাভাবিকভাবেই এ প্রস্তাবের বিরোধিতা আসবে কানাডার পক্ষ থেকে।