যে পাঁচটি কারণে হামলা চালাতে চায় যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবাধিকারকর্মীদের দাবি, রাসায়নিক অস্ত্রের প্রভাবে দামেস্কের আরবিন এলাকায় ২৪ আগস্ট এই কবুতরগুলো মারা গেছে ষ ছবি: সিএনএন
মানবাধিকারকর্মীদের দাবি, রাসায়নিক অস্ত্রের প্রভাবে দামেস্কের আরবিন এলাকায় ২৪ আগস্ট এই কবুতরগুলো মারা গেছে ষ ছবি: সিএনএন

সিরিয়ায় হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষে পাঁচটি কারণ উল্লেখ করা হচ্ছে। বলা হচ্ছে, এই কারণগুলোর জন্য সিরিয়ায় হামলা চালানোর বিকল্প নেই:
অন্য একনায়কেরাও খেয়াল করছেন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন হুঁশিয়ারি দেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার হলে সেটাই হবে দেশটিতে হামলার জন্য ‘চূড়ান্ত সীমা’, তখন থেকেই বিশ্বের অন্য ‘বিপজ্জনক শাসকেরা’ ওই হুঁশিয়ারির দিকে মনোযোগ দেন। সিরিয়া যদি সত্যিই ‘চূড়ান্ত সীমা’ অতিক্রম করে থাকে এবং এ জন্য কোনো কিছু না ঘটে, তাহলে ওই শাসকেরা ধরে নেবেন মার্কিন হুঁশিয়ারি অবজ্ঞা করাই যায়।
ভবিষ্যতেও রাসায়নিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা: সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে বিষাক্ত গ্যাস ব্যবহার বন্ধে কাজ চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। এখন সিরিয়া তা ব্যবহার করে পার পেয়ে গেলে ভবিষ্যতের যুদ্ধেও এর ব্যবহার দেখার আশঙ্কা রয়েছে।
সিরিয়ায় যুদ্ধের বিস্তৃতি ঘটেছে: যুক্তরাষ্ট্র শুরুর দিকে সিরিয়ার গৃহযুদ্ধ থেকে নিজেকে দূরে রেখেছিল। দুই বছর আগে প্রেসিডেন্ট ওবামা শুধু বলেছিলেন, সিরিয়ার নেতৃত্ব থেকে বাশার আল-আসাদকে সরে যেতে হবে। এক বছর আগে তিনি সিরিয়ার জন্য ‘চূড়ান্ত সীমা’ নির্ধারণ করে দেন। কিন্তু পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। সিরিয়ার অভ্যন্তরীণ সহিংসতা এখন দেশটির সীমান্তবর্তী দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। উপসাগরীয় দেশগুলোতে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই এই যুদ্ধের বিস্তৃতি রোধ করা প্রয়োজন।
ব্যবস্থা না নিলে জয় হবে বাশার, ইরান ও হিজবুল্লাহর: মার্কিন প্রশাসন ও তার মিত্ররা মনে করে, সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে জয় হবে বাশার, ইরান ও কট্টরপন্থী সংগঠন হিজবুল্লাহর। এটা হলে আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্বশান্তির বিরুদ্ধে তারাই শক্তিশালী হবে।
নতুন প্রজন্মের কাছে ঘৃণ্য স্মৃতি হয়ে থাকবে: সিরিয়ায় সহিংসতা শুরুর পর অনেক নিষ্ঠুরতা ও হত্যাযজ্ঞ চলেছে। একনায়কের পতনের দাবিতে শুরু হওয়া আন্দোলন শিয়া, সুন্নি, কুর্দি, আলাবি—সব সম্প্রদায়ের মধ্যেই সহিংসতা ছড়িয়েছে। ভবিষ্যতেও এটা চলতে থাকবে, যা নতুন প্রজন্মের কাছে ঘৃণ্য স্মৃতি হবে।
সর্বোপরি, যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিয়ে সিরিয়ায় হামলা চালাতে চাচ্ছে এ কারণে যে রাসায়নিক অস্ত্রের ব্যবহার কোনোক্রমেই বরদাশত করা হবে না। ওয়াশিংটন মনে করে, এটা আরও আগেই করা উচিত ছিল। সিএনএন।