যে প্রত্যাশা পূর্ণতা পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূত্র: এএফপি
সূত্র: এএফপি

অর্ধশতাব্দী আগে আততায়ীর গুলিতে নিহত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি এখনো স্বদেশে আত্মোৎসর্গের প্রতীক। তবে ইতিহাসের রায়ে সম্ভবত তিনি মোহনীয় ক্ষমতার অধিকারী, কিন্তু মেয়াদ পূর্ণ করতে না পারা এক প্রেসিডেন্ট। আজ ২২ নভেম্বর কেনেডি হত্যাকাণ্ডের ৫০তম বার্ষিকী। ১৯৬৩ সালের এই দিনে মাত্র ৪৬ বছর বয়সে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আততায়ীর গুলিতে নিহত হন তিনি।

যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট কেনেডি এত দিন পরও এক অনুকরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে দ্যুতি ছড়িয়ে তারকায় পরিণত হন তিনি। পরিবর্তনের ঝান্ডা হাতে নিয়ে ১৯৬০ সালের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন কেনেডি। তাঁর শাসনামল চিহ্নিত হয়েছিল আশাজাগানিয়া সময় বলে। কিন্তু সেই প্রত্যাশার আলো অকালে নিভে যায় আততায়ীর গুলিতে।

কারও কারও কাছে জন এফ কেনেডি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী যুক্তরাষ্ট্রের উদ্যমী নায়ক। তিনি একদিকে ছিলেন হাস্যোজ্জ্বল নেতা, সন্তানের খুঁটিনাটি খেয়াল করা বাবা। সেই তিনিই আবার কিউবায় সোভিয়েত ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে সৃষ্ট ভয়াবহ সংকটের সময় বিশ্বকে পারমাণবিক যুদ্ধ থেকে রক্ষা করেন। কেনেডি হত্যাকাণ্ডের পরের প্রায় দুই দশকে মার্কিন প্রেসিডেন্টরা বিতর্কিত হয়েছেন। এ কারণে জন এফ কেনেডি পরিণত হন ‘রাজনীতির হারিয়ে যাওয়া আভিজাত্যে’।

ইতিহাসবিদ ও আমেরিকান ইউনিভার্সিটির ‘কেনেডির শাসনামল’ বিষয়ের শিক্ষক লিওনার্দো স্টিনহর্ন বলেন, ‘আমাদের স্নাতক পাস করার আগে থেকে এখন পর্যন্ত দেখছি, ক্যারিশমা, চালচলন ও নেতৃত্বের মডেল প্রেসিডেন্ট জন এফ কেনেডি। আমরা বর্তমান সময়ে এমন একজন প্রেসিডেন্টই প্রত্যাশা করি।’

ডালাসের সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটির ‘কেনেডির শাসনামল’ বিষয়ের শিক্ষক অধ্যাপক জেফরি ইঙ্গল বলেন, ‘...বতর্মান প্রজন্মের কাছে কেনেডির গুরুত্ব একেবারে ন্যূনতম। এটা দুঃখজনক।...কিন্তু কেনেডির শাসনামল হলো একজন অসম্পূর্ণ প্রেসিডেন্টের আমল।’ ইঙ্গল বলেন, ‘কেনেডির শাসনামল নিয়ে যাঁরা গবেষণা করেন, তাঁরা বলেন, কেনেডি অসাধারণ মেধাবী। যিনি মার্কিন জনগণের মনে প্রত্যাশার জন্ম দিয়েছিলেন। কিন্তু আইনগত বা কূটনৈতিক দিক থেকে কোনো বিষয় সম্পূর্ণ করার মতো উল্লেখযোগ্য বিষয় তাঁর নামের পাশে কমই আছে।’ এএফপি।

বারাক ওবামা ও ক্লিনটনের শ্রদ্ধা

যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের ৫০তম বার্ষিকীর প্রাক্কালে গত বুধবার তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ফার্স্ট লেডি মিশেল ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

আজ ২২ নভেম্বর প্রেসিডেন্ট কেনেডি হত্যাকাণ্ডের ৫০তম বার্ষিকী। এর দুই দিন আগে তাঁর প্রতি সম্মান জানাতে আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে কেনেডির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসিডেন্ট ওবামা। জন এফ কেনেডির ভাই রবার্ট এফ কেনেডির বিধবা স্ত্রী ইথেল কেনেডি ছাড়াও এ সময় সাবেক এই প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানান বিল ক্লিনটন, মিশেল ওবামা ও হিলারি ক্লিনটন। তাঁরা কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। এপি।