যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ভারত সফরে গিয়ে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে ব্রিটিশ ইতিহাসের ‘চরম লজ্জাজনক’ ঘটনা বলে আখ্যা দিয়েছেন। কিন্তু এ ঘটনার চেয়ে মর্মান্তিক ১৯৪৩ সালে তৎকালীন ভারতের বাংলায় দুর্ভিক্ষের জন্য তিনি দুঃখ প্রকাশ করেননি।১৯১৯ সালে ব্রিটিশশাসিত ভারতের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে ৩৭৯ জন নিহত হয় বলে সরকারি হিসাবে উল্লেখ রয়েছে। তৎকালীন ব্রিটিশ সামরিক কর্মকর্তা জেনারেল রেগিনাল্ড ডায়ারের নির্দেশে জনসভায় গুলি চালানো হলে নিরস্ত্র এসব মানুষ নিহত হয়। তবে বেসরকারিভাব বলা হয়, এতে প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছিল। কিন্তু এর চেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে ব্রিটিশরা ভারত ছাড়ার মাত্র চার বছর আগে, ১৯৪৩ সালে। ওই সময় দুর্ভিক্ষে বাংলায় ৩০ লাখেরও বেশি মানুষ মারা যায়। মহাত্মা গান্ধীর ‘ভারত ছাড়’ আন্দোলন প্রতিহত করতে ব্রিটিশ সরকারের গৃহীত নীতির কারণেই এ দুর্ভিক্ষ হয় বলে মনে করা হয়।জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে এর আগেও ক্যামেরনের প্রায় কাছাকাছি ধরনের মন্তব্য করেন ব্রিটিশ নেতারা। সাবেক প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল ওই হত্যাকাণ্ডের ২৪ বছর পর একে ‘নিষ্ঠুর’ ঘটনা বলে আখ্যা দেন। রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৯৭ সালে ভারত সফরের সময় এ হত্যাকাণ্ডকে ‘দুঃখজনক মুহূর্তগুলোর’ একটি বলে উল্লেখ করেন। তাঁরাও ১৯৪৩ সালের দুর্ভিক্ষ নিয়ে কথা বলেননি।’৪৩-এর দুর্ভিক্ষ নিয়ে একটি বইয়ের লেখিকা মধুশ্রী মুখার্জি বলেছেন, ‘এই দুর্ভিক্ষের ব্যাপারে ক্যামেরনের দুঃখ প্রকাশ করা উচিত ছিল।’ তবে তিনি বলেন, ‘ক্যামেরন দুর্ভিক্ষসহ অন্য প্রসঙ্গগুলো এড়িয়ে গেছেন। এর একটি কারণ হতে পারে, কোনো ভুল স্বীকার করলে ক্ষতিপূরণ দেওয়ার আইনি বাধ্যবাধকতা সৃষ্টি হতে পারে। তা এড়াতে চেয়েছেন তিনি।’১৮৪৫ থেকে ১৮৫২ সাল পর্যন্ত আয়ারল্যান্ডে ‘আইরিস পটেটো ফ্যামিন’ বলে পরিচিত চরম দুর্ভিক্ষের জন্য যুক্তরাজ্যকে দায়ী করা হয়। সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ওই দুর্ভিক্ষের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। তাহলে ভারতের দুর্ভিক্ষের ক্ষেত্রে কেন এটা করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।এদিকে যুক্তরাজ্যের কর্মকর্তারা বলছেন, অমৃতসর সফরের কারণেই প্রধানমন্ত্রী ক্যামেরন শুধু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ব্যাপারেই কথা বলেছেন। কেউ কেউ বলছেন, ক্যামেরন কলকাতা সফর করলে তখন হয়তো সেই দুর্ভিক্ষের প্রসঙ্গ এড়াবেন না।