যে মোবাইল ফোনে সন্তানের চাপা কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবার সারাক্ষণ মোবাইল ব্যবহারে প্রভাব পড়ে সন্তানের ওপর। সন্তান নিজেদের অবহেলিত মনে করতে পারে। মানসিকভাবেও ভেঙে পড়ে।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, শিক্ষার্থীদের ওপর পরিচালিত এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। ১১ থেকে ১৮ বছর বয়সী দুই হাজার শিশুর ওপর পরিচালিত জরিপে দেখা যায়, এক-তৃতীয়াংশের বেশি শিশু বলছে, তারা মা-বাবাকে যখন-তখন মোবাইল ফোন বা ল্যাপটপ বা আইপ্যাড ব্যবহার না করতে বলেছে।

১৪ শতাংশ শিশু বলছে, খাওয়ার সময় মা-বাবা অনলাইনে থাকেন। এটিও শিশুরা পছন্দ করে না।

আলাদাভাবে তিন হাজার মা-বাবার ওপর জরিপ চালালে দেখা যায়, তাঁদের ৯৫ শতাংশ বিষয়টি অস্বীকার করেছেন।

যুক্তরাজ্যের ডিজিটাল অ্যাওয়ারনেস ইউকে অ্যান্ড দ্য হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেস কনফারেন্স এই জরিপ পরিচালনা করে।

জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৮২ শতাংশ বলছে, তারা চায় খাওয়ার সময় মোবাইল ব্যবহার করা না হোক।

২২ শতাংশ বলেছে, মোবাইলের ব্যবহার পরিবারের সবার একসঙ্গে থাকার সময় কমিয়ে দিয়েছে।

৩৬ শতাংশ মা-বাবাকে মোবাইল ব্যবহার না করতে বলেছে।

সন্তানেরা বলছে, ফোন বন্ধ করতে বললে ৪৬ শতাংশ মা-বাবা গুরুত্ব দেননি। ৪৪ শতাংশ মা-বাবা দুঃখ পেয়েছেন। তাঁরা নিজেদের অবহেলিত মনে করেছেন।

মা-বাবাদের ১০ শতাংশ মনে করে, তাঁদের ফোন ব্যবহার সন্তানদের জন্য উদ্বেগজনক।

৪৩ শতাংশ মা-বাবা মনে করেন, তাঁরা অনলাইনে সময় বেশি কাটাচ্ছেন।

৩৭ শতাংশ বলছে, ছুটির দিনে তাঁরা তিন থেকে পাঁচ ঘণ্টা অনলাইনে কাটান।

৫ শতাংশ বলছে, ছুটির দিনে তাঁরা ১৫ ঘণ্টা সময়ও কাটান অনলাইনে।

ডেমোক্র্যাটস অ্যাব্রড ইউনাইটেড কিংডম এবং দ্য হেডমাস্টারস অ্যান্ড হেড মিস্ট্রেস কনফারেন্সের গত বছরের জরিপ বলছে, অর্ধেক শিক্ষার্থী রাতে ঘুমাতে যাওয়ার পর মোবাইল ব্যবহার করে। রাত জাগার কারণে সকালে স্কুলে যেতে ক্লান্তিবোধ করলে এবং পড়াশোনায় মনোযোগ দিতে অসুবিধা হলেও তারা এমনটা করে।

নতুন জরিপ বলছে, শিক্ষার্থীদের ৭২ শতাংশ বলেছে, তারা দিনে তিন থেকে ১০ ঘণ্টা অনলাইনে থাকে। তবে ১১ শতাংশ বলছে, ছুটির দিনে ১৫ ঘণ্টা অনলাইনে থাকে। ৩ শতাংশ বলেছে, এটা কখনো কখনো ২০ ঘণ্টাও হতে পারে।

সন্তানেরা অনলাইনে বেশি সময় দেওয়ায় ঠিকমতো ঘুমাতে পারছে না। ৪৭ শতাংশ শিশু এ নিয়ে উদ্বেগ জানিয়েছে। তবে ১০ শতাংশ মা-বাবা সন্তানের ঘুম কম হওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

জরিপ পরিচালনাকারী সংস্থা ডিএইউকের সহপ্রতিষ্ঠাতা এমা রবার্টসন বলেন, খুব অল্পসংখ্যক মা-বাবাই জানেন, সন্তানেরা কতক্ষণ অনলাইনে সময় কাটান। বিশেষ করে রাতে তারা কতক্ষণ থাকে। সন্তানেরা রাতে কী করে, মা-বাবা সেটারও খোঁজ রাখেন না। তিনি বলেন, ‘আমরা আশা করি, গবেষণায় পাওয়া এসব তথ্য পরিবারকে সচেতন করবে এবং প্রযুক্তির সঠিক ব্যবহার শেখাবে।’

এইচএমসির সম্মেলনকে সামনে রেখে এই গবেষণা হয়। ইংল্যান্ডের সরকারি এবং ব্যক্তিমালিকানাধীন স্কুলগুলোকে এই মাসের শুরুতে এই জরিপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়।