যে স্বপ্নের জন্য তাঁরা শহীদ হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যে স্বপ্নের জন্য তাঁরা শহীদ হলেন
যে স্বপ্নের জন্য তাঁরা শহীদ হলেন

আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। নতুন করে বলার কিছু নেই যে ১৯৭১ সালের ডিসেম্বরে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি ও আলবদর বাহিনী মিলে হত্যা করেছিল এ দেশের বুদ্ধিজীবীদের। রাও ফরমান আলীর ডায়েরিতে পাওয়া গিয়েছিল বুদ্ধিজীবীদের নামের তালিকা। ১০ ডিসেম্বর থেকেই কাদামাখানো মাইক্রোবাসে করে বুদ্ধিজীবীদের তুলে নিয়ে যেতে শুরু করে এরা। রাজধানীর রায়েরবাজার ও মিরপুরে তাঁদের হত্যা করা হয়। ১৬ ডিসেম্বর যখন জাতি বিজয়ের আনন্দে উদ্ভাসিত, তখনই খবর আসতে থাকে, বধ্যভূমিগুলোয় বুদ্ধিজীবীদের লাশ পাওয়া যাচ্ছে। বিজয়ের আনন্দ পরিণত হয় বিষাদে। তবে, ২৫ মার্চ থেকেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড শুরু হয়েছিল। অপারেশন সার্চলাইটের বিভীষিকাও কেড়ে নিয়েছিল বুদ্ধিজীবীদের প্রাণ।
কেন এই মানুষদের হত্যা করার জন্য বেছে নিয়েছিল এই পাকিস্তানি বাহিনী ও আলবদররা? একটি সহজ সূত্র অবশ্য আমরা দেখতে পাচ্ছি, এঁরা সবাই ছিলেন মেধাবী। দেশ গড়ার ভাবনা ছিল তাঁদের। বাংলা ও বাঙালির প্রতি ছিল এঁদের বিশ্বাস। শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এঁরা ছিলেন সোচ্চার। তাঁরা স্বপ্ন দেখতেন একটি সুখী-সমৃদ্ধ আত্মমর্যাদাসম্পন্ন বাংলাদেশের। আর এ জন্যই হয়তো শহীদ হতে হলো দেশের শ্রেষ্ঠ সন্তানদের।
আজকের ছুটির দিনে সংখ্যাটি একটি বিশেষ সংখ্যা। নিয়মিত বিভাগ নয়, পুরো সংখ্যাজুড়েই লিখেছেন শহীদের সন্তানেরা। যে স্বপ্নের জন্য তাঁরা শহীদ হলেন, তা নিয়েই সবগুলো লেখা।