যেখানে বাঘের ভয়...
কথায় বলে, যেখানে বাঘের ভয়, সেখানে রাত হয়। চীনের এক বিশাল পর্দা রক্ষণাবেক্ষণ কর্মী ইউয়ানের ক্ষেত্রে ঘটেছে ঠিক তা-ই।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলের জিলিনের প্রধান রেলওয়ে স্টেশনের কাছেই একটি পর্দা (জায়ান্ট স্ক্রিন) রয়েছে। এটি মেরামত করছিলেন ইউয়ান। একপর্যায়ে জায়ান্ট স্ক্রিনের সঙ্গে সংযুক্ত কম্পিউটারে নিষিদ্ধ পর্নো ছবি দেখছিলেন তিনি। বিষয়টি একদমই খেয়াল করেননি ইউয়ান।
জায়ান্ট স্ক্রিনে পর্নো ছবি দেখে শত শত লোক দাঁড়িয়ে পড়ে। সবার নজর বড় পর্দায়। ১০ মিনিট ধরে চলতে থাকে পর্নো ছবি। অবশেষে জায়ান্ট স্ক্রিন কোম্পানিটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইউয়ানকে বিষয়টি জানায়। দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। এরপর জানালা দিয়ে পর্নোর ডিস্কটি বাইরে ছুড়ে ফেলেন।
চীনের আইনে পর্নোগ্রাফির অডিওভিজ্যুয়াল পণ্যের বিস্তার একটি দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের সর্বোচ্চ সাজা প্রায় দুই বছর কারাদণ্ড।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে গ্লোবাল টাইমস জানায়, চীনের একটি যৌন-উদ্রেক সৃষ্টিকারী উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি করা একটি নিষিদ্ধ চলচ্চিত্র দেখছিলেন ওই রক্ষণাবেক্ষণ কর্মী। আইন অনুসারে রক্ষা পাচ্ছেন না ইউয়ান। ঘটনার তদন্ত করছে পুলিশ।