যেখানে লিঙ্গবৈষম্যের চেয়ে শ্রেণিবৈষম্য প্রবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হার্ভার্ড বিজনেস স্কুলে শিক্ষার্থীদের সম্পদের বৈষম্য বড় হয়ে দেখা দিচ্ছে। ছবি: ফাইল
হার্ভার্ড বিজনেস স্কুলে শিক্ষার্থীদের সম্পদের বৈষম্য বড় হয়ে দেখা দিচ্ছে। ছবি: ফাইল

বিশ্বের সেরা বাণিজ্যশিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম হার্ভার্ড বিজনেস স্কুল। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের মেধাবী ও জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের স্বপ্ন এ স্কুলে গিয়ে পড়াশোনা করা। কিন্তু ‘দ্য নিউইয়র্ক টাইমস’ বলছে, যুক্তরাষ্ট্রের এ খ্যাতনামা প্রতিষ্ঠান মোটেই বৈষম্যমুক্ত নয়, বরং দিনে দিনে এ শিক্ষালয়ে শ্রেণিবৈষম্য প্রবল থেকে প্রবলতর হচ্ছে, যা সবার জন্য একই মানের শিক্ষার পথে পর্বতসম প্রতিবন্ধকতা তৈরি করছে।
‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে গতকাল মঙ্গলবার বলা হয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদটিতে ভর্তি হয়েই শিক্ষার্থীদের প্রচুর অর্থ খরচের মুখে পড়তে হয়। শিক্ষার্থীরা প্রথম বছরে যে শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করতে চান, তাঁদের একসঙ্গে একটি ‘সেকশন’ বলা হয়। এসব সেকশনের সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে হলে বাধ্যতামূলকভাবে চাঁদা প্রদান করতে হয়। এ বছরে এ ধরনের প্রতি সেকশনের জন্য শিক্ষার্থীদের ৩০০ থেকে ৪০০ ডলার (প্রায় ২৩ হাজার থেকে ৩১ হাজার টাকা) দিতে হয়।
গত কয়েক বছর ধরে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে ‘স্কি ট্রিপ’। এর জন্য প্রত্যেককে গুনতে হয় এক হাজার ডলার (প্রায় ৭৮ হাজার টাকা)। এ ছাড়া ‘সেকশন এক্স’-এর (গুপ্ত সংগঠনটি কার্যত খুব বেশি ধনী শিক্ষার্থীদের গ্রুপ) শিক্ষার্থীরা প্রতি সাপ্তাহিক ছুটির দিনে মস্কো বা আইসল্যান্ডের মতো জায়গায় ঘুরতে যান। এ জন্যও খরচ হয় বিপুল অর্থ। প্রতি শীতে ‘হলিডাজল’ নামের এক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের দিতে হয় দুই হাজার ডলার।

হার্ভার্ড বিজনেস স্কুলের একটি ক্লাসরুম। ছবি: ফাইল
হার্ভার্ড বিজনেস স্কুলের একটি ক্লাসরুম। ছবি: ফাইল

হার্ভার্ড বিজনেস স্কুলের সাবেক শিক্ষার্থী ক্রিস্টিনা ওয়ালেস এখন স্টার্টআপ ইনস্টিটিউটের পরিচালক। তিনি যখন মেধাবৃত্তি নিয়ে সেখানে ভর্তি হয়েছিলেন, তখন তাঁকে তাঁর সহপাঠীরা জানান, যদি তিনি হার্ভার্ডের সব কটি অনুষ্ঠানে অংশ নিতে চান, তবে তাঁকে আরও ব্যয় করতে হবে। আর সে অঙ্কটি ছিল প্রায় ২০ হাজার ডলার।
এভাবে বিশ্ববিদ্যালয়টিতে ভালোভাবে শিক্ষিত ও সাধারণ শিক্ষিতদের মধ্যে অভিজ্ঞতার বড় হেরফের হয়ে যাচ্ছে। অর্থাত্, ধনী শিক্ষার্থীরা যে সুবিধা পাচ্ছেন, মধ্যবিত্ত শ্রেণী থেকে আসা শিক্ষার্থীরা তা পাচ্ছেন না।
২০১০ সালে লেখাপড়া শেষ করা ওয়ালেস বলেন, ‘আমি যখন হার্ভার্ড বিজনেস স্কুলে (এইচবিএস) ছিলাম, তখন সেখানে লিঙ্গবৈষ্যমের চেয়ে অনেক বড় ব্যাপার ছিল শ্রেণিবৈষম্য।’
গত রোববার ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়, এইচবিএস ছাত্রীদের জন্য শিক্ষার পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নিতে চলেছে। কিন্তু এ প্রতিবেদন প্রকাশের পর বহু সাবেক ছাত্র, অ্যালামনাই ও পাঠক ওয়ালেসের মতো মত প্রকাশ করেছেন।

দৈনিকটির এক খবরের মন্তব্যে এইচবিএসের এক শিক্ষার্থী বর্তমান সমস্যাকে ‘ব্যাপক’ বলে আখ্যা দিয়েছেন। আরেক ছাত্রী বলেছেন, সহপাঠীদের সঙ্গে সামাজিক সম্পর্ক ঠিক রাখতে গিয়ে তিনি গত এক বছরে হাজার দশেক ডলার ধার করেছেন। তিনি আরও জানান, সহপাঠীদের তিনি তাঁর বাড়িতে নিমন্ত্রণ করতে ভয় পান, কারণ তাঁর পরিবার ঠিক ততটা ধনী নয়।
কেন এইচ নামের এক মন্তব্যকারী লিখেছেন, ১৯৭০-এর দশকে বিশ্ববিদ্যালয়টি ছিল বেশ সাম্যবাদী ধরনের। সে সময় কেউ বেশি টাকাপয়সা উড়ালে তাঁকে নিন্দা শুনতে হতো। তিনি বলেন, হয়তো এইচবিএসে নয়, বড় পরিবর্তনটি এসেছে আমেরিকান সমাজে।
হার্ভার্ড বিজনেস স্কুলের মুখপাত্র জানান, সেখানকার শিক্ষার্থীদের মধ্যে ধনী ও মধ্যবিত্ত শ্রেণী থেকে আসা অনেক শিক্ষার্থী আছেন। তবে তাঁদের ৬৫ শতাংশ বৃত্তিধারী, যাঁরা দুই বছরের শিক্ষাক্রমের জন্য ৬০ হাজার ডলার বৃত্তি পান। শুধু টিউশন ফি বাবদ দিতে হয় ৫০ হাজার ডলার।
এইচবিএস থেকে প্রকাশিত বিখ্যাত পত্রিকার নাম হার্ভার্ড বিজনেস রিভিউ। এ পত্রিকার সাবেক সম্পাদক ছিলেন সুজি ওয়েলচ। তিনি জানান, যখন তাঁরা শিক্ষার্থী ছিলেন, তখন তাঁরা ধনী শিক্ষার্থীদের খবর ছাপতে শুরু করেন। তাঁদের অন্যতম ছিলেন একজন, যিনি এক বিরাট প্রাসাদে বাস করতেন। তিনি জানান, তাঁরা ১৯৮৮ সালে যখন লেখাপড়া শেষ করেন, তখনো অর্থনৈতিক ব্যাপারগুলো এত বড় হয়ে দেখা দেয়নি।

হার্ভার্ডের অনেক শিক্ষার্থী জানান, তাঁরা সেকশন এক্সের মতো সংগঠনগুলোর জন্য বিব্রত বোধ করেন। এর সদস্যরা এত অভিজাত যে তাঁদের সঙ্গে বাকিরা তাল মেলাতে পারেন না।

শিক্ষার্থীরা জানান, সেকশন এক্সের অধিকাংশ সদস্যরাই পুরুষ এবং তাঁরা লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার রাষ্ট্রগুলো থেকে আসা। এক নারী শিক্ষার্থী বলেন, সেকশন এক্সের সদস্যরা যখন ছুটি কাটাতে যান, তখন তা হয় সত্যিই বিপুল খরচের ব্যাপার। এত খরচ অকল্পনীয়।

বিশ্ববিদ্যালয়টির অনেক শিক্ষার্থীর জিজ্ঞেস করা হলেও কেউই স্বীকার করেননি, কারা সেকশন এক্সের সদস্য। তবে কয়েকজন বলেছেন, তাঁরা সেকশন এক্সের ভোজসভায় অংশ নিয়েছিলেন।

হার্ভার্ড বিজনেস স্কুলের মূল ভবন। ছবি: ফাইল
হার্ভার্ড বিজনেস স্কুলের মূল ভবন। ছবি: ফাইল

অনুষদের ডিন নিতিন নোহরিয়াকে এক ‘সেকশন এক্স’-এর মতো অতি ধনী শিক্ষার্থীদের গ্রুপ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, যারপরনাই হতাশা প্রকাশ করেন। তিনি জানান, গ্রুপটি না থাকুক, এটি তাঁর একান্ত প্রত্যাশা।

নোহরিয়া ব্যক্তিগতভাবে চান যে বিভিন্ন সামাজিক বৈষম্য নিয়ে শিক্ষার্থীরা খোলামেলা আলোচনা করুক। এ জন্য তিনি বিভিন্ন উদ্যোগও নিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিঙ্গবৈষম্যের মতো শ্রেণিবৈষম্য বিলোপে সত্যিকার অর্থে কোনো পদক্ষেপ নেবে কি না, তা এখনো পরিষ্কার নয়।

বাণিজ্য জগতের সাড়া জাগানো বই ‘ইনসার্চ অব এক্সিলেন্স’-এর অন্যতম লেখক থমাস জে পিটার্স বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত কড়াকড়িভাবে আইন জারি করা যে অতি ধনী শ্রেণী থেকে কেউ এখানে ভর্তি হতে চাইলে তাঁকে এমন কোনো কাজ করে আসতে হবে, যার সামাজিক মূল্য আছে। অবশ্য বাণিজ্যশিক্ষার অন্যতম সেরা বইয়ের লেখক হয়েও জে পিটার্স বর্তমান বাণিজ্যশিক্ষার ঘোর সমালোচক।

বিশ্ববিদ্যালয়টির এ বৈষম্যমূলক অবস্থাকে মার্কিন সমাজের প্রতিফলন বলে মনে করছেন অনেকে। তাঁদের যুক্তি, সমাজে কিছু মানুষের হাতে এত বেশি সম্পদ কুক্ষিগত হচ্ছে যে তার সব কুফল সমাজ থেকে বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ছে।

এসব সমস্যার বাইরে আরেকটি খুব বাস্তব মুশকিল আছে। বিশ্ববিদ্যালয়টির দাতা ও অ্যালামনাইদের অধিকাংশই খুব বেশি ধনী। এ নিয়েও অনেক শিক্ষার্থী আপত্তি আছে। হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হলে অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে একধরনের সম্পর্ক গড়ে উঠবে—এ ধরনের প্রত্যাশা নিয়ে অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হন। তাই এখানে কোনো কিছু নিয়েই তাঁরা ঝামেলাতে জড়াতে চান না। বিশেষত ধনী শ্রেণী থেকে আসা শিক্ষার্থীদের ঘাঁটাতে চান না মধ্যবিত্ত শিক্ষার্থীরা। কারণ, তাঁরা জানেন, এসব ধনীর পুত্র-কন্যাই ভবিষ্যতে তাঁদের অনেক প্রভাব ও বিত্তশালী লোকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারবেন।

২০১৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এ লিখেছেন, ‘পত্রিকার মন্তব্য সেকশনের দিকে তাকিয়ে একটি বিষয় বেশ বোঝা যাচ্ছে। যাঁরা অতি-খরচের বিষয়টি নিয়ে কথা বলছেন, তাঁরা কেউ স্বনামে মন্তব্য করছেন না।’ কারণ হিসেবে তিনি বলেছেন, নিজের নামে কেউ মন্তব্য করলে তাতে তিনি ‘ভবিষ্যতের সুযোগ হেলায় হারাতে পারেন।...কেবল আবেগতাড়িত হয়ে, খুব জোরালো যুক্তি খাড়া না করালে নিকট ভবিষ্যতে এইচবিএসে খুব বেশি পরিবর্তন হবে বলে মনে হয় না।’