যেখানে-সেখানে মূত্রত্যাগে ক্ষুব্ধ রাউল ক্যাস্ত্রো

কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো গত রোববার পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে দেশবাসীর মুদ্রা দোষ ও বদ অভ্যাসের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, যত্রতত্র মূত্রত্যাগ ও শহরাঞ্চলে শুয়োর পোষার মতো অভ্যাসের জন্য প্রেসিডেন্ট রাউল দেশবাসীকে তিরস্কার করেন।পার্লামেন্টের ষাণ্মাষিক বৈঠকে রাউল জনগণের মধ্যে নৈতিকতার অবক্ষয়, নাগরিক কর্তব্যবোধের প্রতি অবহেলা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, শালীনতা ও ভব্যতার অভাবকে গালিগালাজ করেন।পার্লামেন্টে রাউল এ ধরনের বেশকিছু ক্ষতিকর কর্মের তালিকা প্রদান করেন। তাঁর তালিকায় অননুমোদিত গৃহনির্মাণ, বৃক্ষনিধন ও যেখানে-সেখানে পশু জবাই থেকে শুরু করে ঘুষ বিনিময়ের উল্লেখ আছে।প্রেসিডেন্ট রাউল বেশকিছু ‘সামাজিক উচ্ছৃঙ্খলতার’ উদাহরণ টেনে এগুলোর প্রতি ক্ষোভ জানান। এসবের উদাহরণ হিসেবে তিনি পথে-ঘাটে উচ্চস্বরে চিত্কার করে কথা বলা, জনসম্মুখে মদপান, মদ খেয়ে গাড়ি চালানো, পথের পাথে আবর্জনা ফেলা ও পার্কে মূত্রত্যাগের উল্লেখ করেন।৮২ বছর বয়সী প্রেসিডেন্ট তাঁর ভাষণে বলেন, এখনকার তরুণেরা এমন ‘অসভ্য’ ভাষায় কথা বলছে যা তাঁদের দাদারাও করতেন না। তিনি বলেন, ‘যখন আমি এসব ঘটনার দিকে মনোযোগ দিয়ে তাকাই তখন মনে হয়, বিপ্লবের পর আমরা শিক্ষাদীক্ষায় প্রভূত উন্নতি করলেও নাগরিক সংস্কৃতি ও আচরণের দিক দিয়ে পিছিয়ে আছি। ... আমার তিক্ত অভিজ্ঞতা হলো, আমাদের সমাজে শিক্ষার বিকাশ হয়েছে, কিন্তু আমরা তেমনটি করে আলোকিত হইনি।’প্রেসিডেন্ট রাউল তাঁর বক্তব্যে আরও যেসব বদ অভ্যাসের তালিকা দিয়েছেন সেগুলোর হলো: দেরিতে কর্মস্থলে পৌঁছানো; পার্কে চিকা মারা এবং পার্ক, স্তম্ভ, ভাস্কর্য, বাগান নষ্ট ও ভাঙচুর করা; এত জোরে গান বাজানো যাতে প্রতিবেশীদের ঘুম হারাম হয়ে যায়; ফোন, বৈদ্যুতিক লাইন, নর্দমা, সাইন ও ট্রাফিক লাইট খোঁচান; পাবলিক বাসে ভাড়া না দেওয়া; স্কুলের নির্ধারিত পোশাক না পরা; ঘুষের বিনিময়ে ছাত্রদের বেশি নম্বর দেওয়া; গর্ভবতী নারী, বুড়ো ব্যক্তি, শিশু ও প্রতিবন্ধীদের শ্রদ্ধা না করা এবং গাড়ি ও ট্রেন লক্ষ্য করে শিশুদের ঢিল ছোড়া। রাউল বলেন, ‘এতসব ঘটনা আমাদের নাকের ডগায় ঘটছে, কিন্তু আমরা এগুলোর নিন্দা করছি না এবং ঠেকানোর চেষ্টা করছি না।’ তিনি বলেন, ‘একটি সমাজে বাস করার অর্থ হলো ওই সমাজের সভ্যতা-ভব্যতার নিয়মকানুন ঠিকঠিক মেনে চলা ও অন্যের অধিকার নিশ্চিত করা।’
সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রোকে উদ্ধৃত করে রাউল বলেন, বাইরের যেকোনো শত্রুর চেয়ে কিউবার সরকারি কর্মকর্তাদের মধ্যে ঘুষের চল দেশটির জন্য বড় হুমকি। তিনি বলেন, দেশটির অর্থনীতি ইতিবাচক দিকে এগোচ্ছে যদিও তা দেশের সব পরিবারকে মধ্য আয়ের পরিবারে পরিণত করতে পারেনি।