যেভাবে কাজ করবে থেরেসা মের সংখ্যালঘু সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থেরেসা মে
থেরেসা মে

যুক্তরাজ্যের এবারের সাধারণ নির্বাচনের মাধ্যমে যে অকাট্য সত্যটা সামনে এল, তা হলো হাউস অব কমন্সে ভোটে জেতার জন্য কনজারভেটিভ পার্টির যথেষ্টসংখ্যক আইনপ্রণেতা নেই। সংসদীয় সংখ্যা এবং থেরেসা মের সংখ্যাগরিষ্ঠতার ঘাটতির চেয়ে কোনো কিছুই এ মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ নয়। আর এ বিষয়টিই আগামী মাসগুলো কিংবা বছরজুড়ে ব্রিটিশ রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে। নতুন প্রধানমন্ত্রীকে এখন পার্লামেন্টে প্রতিটি ভোট ও ইস্যুর কথা আলাদাভাবে ধরে ধরে এগোতে হতে পারে। কিন্তু তা ডেকে আনতে পারে অস্থিরতা ও অনিশ্চয়তা। এমন প্রেক্ষাপটেই থেরেসা মে জানান, উত্তর আয়ারল্যান্ডের রক্ষণশীল পার্টি ডিইউপির (ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি) সঙ্গে সমঝোতা করছেন তিনি।

যুক্তরাজ্যে এককভাবে সরকার গঠনের জন্য ৬৫০ আসনের পার্লামেন্টে প্রয়োজন ৩২৬ আসন। কনজারভেটিভ পার্টি তা থেকে ৮টি কম আসন নিয়ে বৃহত্তম দল হিসেবে অবস্থান ধরে রেখেছে। আর ডিইউপি পার্লামেন্টে ১০টি আসন পেয়েছে। ফলে এই দলটির এমপিদের সমর্থন পেলে পার্লামেন্টে বিল পাস করাতে পারবে কনজারভেটিভ সরকার। পার্লামেন্টে ডিইউপির স্থায়ী সমর্থন লাভ নিশ্চিত করতে থেরেসা মের সরকারের জন্য সবচেয়ে সহজ পথটি হলো ‘আস্থা ও সরবরাহ’ চুক্তির ব্যবস্থা করা। অর্থাৎ ডিইউপি অনাস্থা ভোট ও সরবরাহের (বাজেট) ইস্যুতে সরকারকে সমর্থন করবে। বিনিময়ে ডিইউপি তাদের কিছু নীতি বাস্তবায়নে সরকারের সমর্থন বা তহবিল আদায় করে নিতে পারবে। এ ধরনের চুক্তি বেশ শিথিল ধরনেরই হয়, যার সঙ্গে বিস্তর ফারাক আনুষ্ঠানিক জোট সরকারের।

যুক্তরাজ্যে এবারের মতো সংখ্যালঘু সরকার এই প্রথম নয়। এক দশক আগে স্কটল্যান্ডে সংখ্যালঘু সরকার চালিয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টি। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে জন মেজর সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই তাঁর সরকারের শেষ দিনগুলো চালিয়ে নিয়েছিলেন। হ্যারল্ড উইলসন ও জেমস ক্যালাঘান সংখ্যালঘু সরকার নিয়েই ১৯৭০-এর দশকের বড় একটা সময় ক্ষমতায় ছিলেন। কিন্তু এ ধরনের সরকারগুলোর অনেক সীমাবদ্ধতা থাকে। হার এড়ানোর ভয়ে তারা পার্লামেন্টে যতটা পারা যায় কম বিল তোলে। ক্ষমতায় টিকে থাকতে না পারা ও অস্থিতিশীলতার আশঙ্কা থেকেই যায়। কাজেই কনজারভেটিভ পার্টি ও ডিইউপির মধ্যে কোনো চুক্তি হলেও তা নিয়ে প্রশ্ন থেকেই যাবে, বিশেষ করে তা কত দিন টিকবে তা নিয়ে।

এ বিষয়ে ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর গভর্নমেন্টের ভাষ্য হলো, সংখ্যালঘু সরকারের ক্ষমতায় টিকে থাকা ও কাজ করতে পারার জন্য মন্ত্রী, পার্লামেন্ট মেম্বার ও গণমাধ্যমকে চিন্তাভাবনার ধরন বদলাতে হবে। মন্ত্রীদের সংখ্যাগরিষ্ঠতার মনোভাবকে বিদায় দিতে হবে এবং কী অর্জন করা সম্ভব, সে বিষয়ে বেশি বাস্তববাদী ও কম উচ্চাভিলাষী হতে হবে। এমপিদের শিখতে হবে সমঝোতা ও আপস করা। আর গণমাধ্যমের কাজ হবে, সরকারের সব পরাজয়কেই আস্থা হারানো হিসেবে না দেখা।

কিন্তু বাস্তবে সব সময় এমন হয় না। অনেক সময় সরকার যায় যায় করেও টিকে থাকে। করদাতাদের অর্থে সুযোগ-সুবিধা দেওয়ার বিনিময়ে ভোট বাগিয়ে নেয়। এর ফলে হুইপরা অন্য দলগুলোর এমপিদের হাত করার চেষ্টায় ব্যস্ত থাকেন। কাউকে চাপ দিয়ে বা কাউকে ‘খুশি করে’ ভোট নিশ্চিত করেন।