যেভাবে গণভোটের পথে স্কটল্যান্ড
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে দীর্ঘ প্রতীক্ষিত গণভোট। এ পর্যন্ত আসতে স্কটল্যান্ডকে অনেকগুলো ধাপ পার হতে হয়েছে।
২ নভেম্বর, ১৯৬৭: জাতীয়তাবাদী দল স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) হ্যামিলটনের উপনির্বাচনে জয়ী হয়। দলটি ১৯৬৬ সালের জাতীয় নির্বাচনে লেবার দলের ওই শক্ত আসনে প্রার্থীই দেয়নি। উপনির্বাচনের ওই চাঞ্চল্যকর জয় স্কটল্যান্ডের স্বাধীনতার ইস্যুকে জাতীয় পর্যায়ে তুলে ধরে।
১ মার্চ, ১৯৭৯: স্কটল্যান্ডের নিজস্ব পার্লামেন্ট প্রতিষ্ঠা প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়। নিজস্ব পার্লামেন্টের পক্ষে ৫১ দশমিক ৬ শতাংশ মত পড়লেও মোট ভোটারের মাত্র ৩২ দশমিক ৯ শতাংশ ভোট দেওয়ায় গণভোট বাতিল করা হয়।
১ মে, ১৯৯৭: দীর্ঘ ১৮ বছর পর যুক্তরাজ্যের ক্ষমতায় ফিরে আসে লেবার পার্টি। নির্বাচনে জয়ী হয়ে দলটি স্কটল্যান্ডের পার্লামেন্ট প্রশ্নে আবার গণভোটের প্রতিশ্রুতি দেয়।
১১ সেপ্টেম্বর, ১৯৯৭: নিজস্ব পার্লামেন্টের বিষয়ে অনুষ্ঠিত দ্বিতীয় গণভোটে ৭৪ দশমিক ৩ শতাংশ স্কটিশ ‘হ্যাঁ’ ভোট দেন।
১২ মে, ১৯৯৯: যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ ১২৯ সদস্যের স্কটিশ পার্লামেন্টের উদ্বোধন করেন।
৩ মে, ২০০৭: এসএনপি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং দলটির নেতা অ্যালেক্স স্যামন্ড স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার বা ‘মুখ্যমন্ত্রী’ হন।
৫ মে, ২০১১: এসএনপি পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং এর জোরে স্বাধীনতার প্রশ্নে গণভোটের আহ্বান জানায়।
২৬ নভেম্বর, ২০১৩: অ্যালেক্স স্যামন্ড স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে ‘স্কটল্যান্ডের ভবিষ্যৎ’ নামে ৬৪৯ পৃষ্ঠার বিস্তারিত নীলনকশা প্রকাশ করেন। সূত্র: এএফপি