যেভাবে বর্ণবাদের পতন ঘটালেন ম্যান্ডেলা
১৯৬৪ সালে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়ার পর বিশ্বব্যাপী বর্ণবাদবিরোধী লড়াইয়ের প্রতীক হয়ে ওঠেন দক্ষিণ আফ্রিকার সদ্যপ্রয়াত অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তবে বর্ণবাদের বিরুদ্ধে তাঁর লড়াইয়ের শুরু ওই ঘটনার অনেক আগে। এক রাজপরিবারে জন্ম নিলেও রাজত্বের জন্য নয়, তাঁর জন্মই হয়েছিল বিপ্লবের জন্য।
বোর্ডিং স্কুল শেষ করার পর তরুণ ম্যান্ডেলা ভর্তি হয়েছিলেন দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের একমাত্র বিশ্ববিদ্যালয় ফোর্ট হেয়ারে। সেখানে তিনি কর্তৃপক্ষের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে বিদ্রোহ করেন। পরিণতি বহিষ্কার।
জোহানেসবার্গের শহরতলিতে থাকার সময় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন ম্যান্ডেলা। কাজ করেন আইন ব্যবসাপ্রতিষ্ঠানের কেরানি হিসেবেও। এভাবেই একপর্যায়ে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) একনিষ্ঠ কর্মী ওয়াল্টার সিসুলুর সঙ্গে যোগাযোগ হয় ম্যান্ডেলার। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে উদারপন্থী ও সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী অনেকের সঙ্গে।
উয়িটওয়াটারস্ট্যান্ড বিশ্ববিদ্যালয়ে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পর ১৯৪৪ সালে এএনসিতে যোগ দেন ম্যান্ডেলা। নিরলসভাবে কাজ করেন দলটির যুব শাখা প্রতিষ্ঠায়। সিসুলু, অলিভার টাম্বোর মতো তরুণ, বুদ্ধিদীপ্ত ও নিবেদিতপ্রাণ একনিষ্ঠকর্মীদের একত্র করে এএনসিকে পুরোপুরি আন্দোলনমুখী দলে পরিণত করেন তিনি।
পঞ্চাশের দশকের শুরুতে অসহযোগ আন্দোলন সংগঠিত করতে দক্ষিণ আফ্রিকার প্রতিটি প্রান্তে ছুটে বেড়ান ম্যান্ডেলা। ১৯৫২ সালে কমিউনিস্ট দমন আইনে অভিযুক্ত করা হয় তাঁকে। তাঁর সভা-সমাবেশ করা এবং ছয় মাস পর্যন্ত জোহানেসবার্গের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়। এ পর্যায়ে ম্যান্ডেলা এএনসির নতুন সাংগঠনিক পরিকল্পনা তৈরির কাজ শুরু করেন। একই সময়ে দেশে কৃষ্ণাঙ্গ পরিচালিত প্রথম আইন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন।
১৯৫৫ সালে এএনসির ‘স্বাধীনতার সনদ’ প্রণয়নে মূল ভূমিকা ছিল ম্যান্ডেলার। সেই সনদে বলা হয়, ‘দক্ষিণ আফ্রিকা তাদেরই, যারা এ দেশের জনগণ। দক্ষিণ আফ্রিকা কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ সবার। সব জনগণের অংশগ্রহণের ভিত্তিতে গঠিত না হলে কোনো সরকার দেশের কর্তৃপক্ষ বলে দাবি করতে পারে না।’ পরের বছর ম্যান্ডেলাসহ ১৫৬ জন রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের অধিকাংশই এএনসির নেতৃস্থানীয় নেতা। সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়। ১৯৬১ সালে সবাইকে মুক্তি দেওয়া হয়। এর দুই বছর পর বর্ণভিত্তিক আন্দোলন বন্ধে ‘পাস ল’জ আইন করা হলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এমন এক বিক্ষোভে গুলিতে ৬৯ জন নিহত হলে সরকার জরুরি অবস্থা জারি করে; সেই সঙ্গে এএনসিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ম্যান্ডেলাসহ শতাধিক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করে বিনা বিচারে বন্দী রাখা হয়। এর পরই মূলত সশস্ত্র সংগ্রামের ঘোষণা দেন ম্যান্ডেলা। তিনি বলেন, যে সরকার নিরস্ত্র জনগণের ওপর নির্মম আক্রমণ চালায়, সে সরকারের সঙ্গে শান্তির কথা বলে বা অহিংস আন্দোলন করে এগুনো যাবে না।
মুক্তি পাওয়ার পর ম্যান্ডেলা পিটারমারিৎজবার্গে নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় বলেন, সরকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আলোচনা শুরু না করলে দেশজুড়ে ধর্মঘট করা হবে। কিন্তু শ্বেতাঙ্গ সরকার তার অবস্থানে অনড় থাকে। ধর্মঘটের নেতৃত্ব দিতে আত্মগোপনে চলে যান ম্যান্ডেলা। সিদ্ধান্ত হয় সশস্ত্র সংগ্রামের। এএনসির নবগঠিত সামরিক শাখার প্রধান নির্বাচিত হন ম্যান্ডেলা। সংগ্রামে সমর্থন পেতে দক্ষিণ আফ্রিকার বাইরেও যান তিনি। পরে ১৯৬২ সালে দক্ষিণ আফ্রিকায় আবার গ্রেপ্তার হন। পাঁচ বছর কারাদণ্ড হয় তাঁর। এর দুই বছর পর অন্তর্ঘাতমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রিভোনিয়া ট্রায়ালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। পরে পাঠানো হয় কুখ্যাত রোবেন দ্বীপের কারাগারে। পরে এএনসির কার্যক্রম স্তিমিত হয়ে পড়ে। পশ্চিমা সরকারগুলো দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকারকে সমর্থন দিয়ে যায়।
তবে সত্তরের দশকে ব্ল্যাক কনশাসনেস মুভমেন্ট নামের জঙ্গি আন্দোলন গড়ে ওঠে। ওই আন্দোলনের প্রতিষ্ঠাতাদের মধ্যে স্টিভ বিকো নামের একজন শিক্ষার্থী কারাগারে মারা গেলে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ-অধ্যুষিত অঞ্চলগুলো বিক্ষুব্ধ হয়ে ওঠে। তখন ম্যান্ডেলাসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে বর্ণবাদবিরোধী আন্দোলন চাঙা হয়ে ওঠে। নিষেধাজ্ঞা, আন্দোলন ও মিউজিক কনসার্টে এ দাবি বিশ্বজুড়ে জোরালো হতে থাকে। একপর্যায়ে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিকভাবে প্রায় নিঃসঙ্গ হয়ে পড়ে।
অবশেষে ১৯৯০ সালে আলোচনায় রাজি হয় দক্ষিণ আফ্রিকার সরকার। মুক্তি দেওয়া হয় ম্যান্ডেলাকে। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন ম্যান্ডেলা। তিনিই দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। বিবিসি।