যেভাবে বাঁচল শিশুটি
ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। রাস্তায় ভিজতে ভিজতে একজন মানুষ দুই হাত শূন্যে তুলে দাঁড়িয়ে আছেন। কখনো এক পা আগাচ্ছেন, কখনো দুই পা পেছাচ্ছেন। তাঁর পাশেই দাঁড়িয়ে আছেন আরও একজন। তিনিও ভিজছেন। তিনিও দুই হাত শূন্যে তুলে রয়েছেন। শূন্য থেকে পড়া কিছু একটা ধরার চেষ্টা করছেন তাঁরা। দুজনেরই চোখেমুখে চরম উত্কণ্ঠা।
এক মুহূর্ত পরেই উত্কণ্ঠিত ওই ব্যক্তি প্রাণপণে শূন্য থেকে পড়া একটি শিশুকে দুই হাতে জড়িয়ে ধরলেন। প্রায় সঙ্গে সঙ্গেই দৌড়ে এলেন শিশুটির মা। বুকে জড়িয়ে ধরলেন সন্তানকে।
বিস্ময়কর এই ভিডিও ফুটেজটি চীনের একটি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে শিশুটিকে উদ্ধারকারী ব্যক্তি লি বলেন, দোতলার জানলা দিয়ে তিনি শিশুটিকে পড়ে যেতে দেখেন। তাঁর একমাত্র চিন্তা ছিল সময়মতো শিশুটিকে ধরতে পারবেন কি না।
জানা গেছে, শিশুটি রাস্তায় থাকা তার মাকে দেখার জন্য জানালা দিয়ে ঝুঁকেছিল। এ সময় সে নিচে পড়ে যায়। চীনের গুয়াংডং প্রদেশে গত বুধবার এ ঘটনা ঘটে।