যেভাবে মেহসুদকে খুঁজে পেল মার্কিন ড্রোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাকিমুল্লাহ মেহসুদ
হাকিমুল্লাহ মেহসুদ

বছরের পর বছর সম্ভাব্য সব ধরনের পূর্ব সতর্কতামূলক ব্যবস্থাই নিয়েছিলেন পাকিস্তান তালেবানের (টিটিপি) নেতা হাকিমুল্লাহ মেহসুদ। কোনো স্থানে তিনি টানা ছয় ঘণ্টার বেশি অবস্থান করেছেন, এমন নজির নেই বললেই চলে। পাকিস্তানের বিশৃঙ্খলাপূর্ণ উপজাতি-অধ্যুষিত এলাকাজুড়ে অসংখ্য ‘নিরাপদ আস্তানা’ রয়েছে তালেবানের। ঘন ঘন সেগুলো বদল করেছেন মেহসুদ। তবে শেষ রক্ষা হয়নি।
পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে কথাবার্তা কিছুটা এগিয়ে গেছে এমন সময়ে এক ‘মারাত্মক ভুল’ করে বসেছেন বিশ্বের শীর্ষ ‘ফেরার’ ব্যক্তিদের অন্যতম মেহসুদ। তিনি নিরাপত্তা ব্যবস্থায় একটু ঢিল দিয়েছিলেন। শান্তি আলোচনা আসন্ন হওয়ায় নিজেকে নিরাপদ মনে করে তিনি তাঁর নতুন আস্তানায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় অবস্থান করেছেন। পর্বতময় অঞ্চলটিতে প্রতিনিয়ত চক্কর দেওয়া মার্কিন ড্রোনগুলোর শ্যেন দৃষ্টিতে ধরা পড়ার জন্য ওই সময়ই ছিল যথেষ্ট। গত শুক্রবার মার্কিন ড্রোন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয় তালেবান নেতা মেহসুদের অবস্থানে। এতে কয়েকজন সঙ্গীসহ নিহত হন তিনি।
পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র ওই হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে বলেছে, মেহসুদ সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপের বিষয় নিয়ে আলোচনা করতে পাশের একটি মসজিদে বৈঠক করেন। বৈঠক শেষে ফোর হুইল ড্রাইভ জিপে করে নিজের নতুন বাড়িতে ফিরেই হামলার শিকার হন। সম্ভবত বাড়ির আঙিনায় ঠিক গাড়ি থেকে নামার সময়ই ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত করে তাঁকে।
মেহসুদ কেবল তাঁর নিজ দেশের মানুষের বিরুদ্ধেই লড়াই করেননি; তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের বিরুদ্ধে ভয়াবহ একটি হামলার পরিকল্পনারও সহায়তাকারী। ২০০৯ সালে আফগানিস্তানে একটি মার্কিন ঘাঁটিতে পরিচালিত ওই হামলায় নিহত হয়েছিলেন সাতজন সিআইএ গোয়েন্দা। একজন আত্মঘাতী হামলাকারী আল-কায়েদার বিষয়ে তথ্যদাতা সেজে সেখানে গিয়ে নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটান।
মেহসুদকে ঘায়েল করতে পারায় বিষয়টিকে যুক্তরাষ্ট্র বিজয়ের মুহূর্ত হিসেবে দেখছে। টেলিগ্রাফ।