যেভাবে রাশিয়ার অস্ত্র কেনে সিরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশ এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা
রুশ এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা

পাশ্চাত্যের বয়কটের কারণে রাশিয়াই সিরিয়ার অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাওয়ার মূল ভরসা। আর রুশ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমেই দেশটি থেকে অস্ত্র কেনেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাশিয়ায় অবস্থান করে তাঁর এক মামা অস্ত্রবাবদ অর্থ পরিশোধের বিষয়টি দেখভাল করেন।পুরোনো মিত্র মস্কোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে দামেস্ক সাম্প্রতিক সময়ে অস্ত্রবাবদ অর্থ পরিশোধের পরিমাণ বাড়িয়েছে। রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।সিরিয়ায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা সহিংসতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়াকেই সবচেয়ে ঘনিষ্ঠ কূটনৈতিক মিত্র হিসেবে পেয়েছেন প্রেসিডেন্ট বাশার। সিরিয়ায় সরকারি বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের সর্বশেষ বড় অভিযোগটি ওঠার পর মস্কোর অবস্থানে বাশারের প্রতি রাশিয়ার ঘনিষ্ঠতার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।পরিচয় প্রকাশ না করার শর্তে রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি সূত্র রয়টার্সকে জানায়, সাম্প্রতিক মাসগুলোতে প্রেসিডেন্ট বাশার প্রায় ১০০ কোটি মার্কিন ডলার পরিশোধ করা শুরু করেন। এই অর্থের বিনিময়ে সিরিয়া চারটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাবে। এ ছাড়া ৫৫ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ৩৬টি ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমানের অর্ডারও দিয়েছে সিরিয়া। সূত্রটি জানায়, ইতিমধ্যে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ২০ শতাংশ এবং প্রশিক্ষণ যুদ্ধবিমানের জন্য ১০ শতাংশের মতো অর্থ পরিশোধ করেছে সিরিয়া।

রাশিয়ার একটি সূত্র জানায়, দেশটিতে বাশার পরিবারের আর্থিক বিষয় দেখভাল করেন প্রেসিডেন্ট বাশারের মামা মোহাম্মদ মাখলুফ। রাশিয়ার একটি হোটেলে থেকে সবকিছু পরিচালনা করছেন তিনি।  বাশারবিরোধী একটি সূত্র জানায়, সিরীয় প্রেসিডেন্টের ঘনিষ্ঠরা অর্থ নিয়ে ওই হোটেলে মাখলুফের সঙ্গে দেখা করেন। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখেন মাখলুফ।

রাশিয়াভিত্তিক সাময়িকী রাশিয়া ইন গ্লোবাল অ্যাফেয়ার্স-এর সম্পাদক ফিওদর লুকিয়ানভ বলেন, ‘সিরিয়া বিপুল অঙ্কের অর্থ পরিশোধ চালিয়ে গিয়ে মস্কোর প্রতি এই বার্তাই দিচ্ছে যে বাশারের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত রাখা জরুরি।’

সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক দুই বছর আগে জানিয়েছিল, রাশিয়ার ভিটিবি, ভিইবি ও গাজপ্রম ব্যাংকে তাদের হিসাব রয়েছে। ভিটিবি ও ভিইবি বিষয়টি অস্বীকার করে।

একটি সূত্র বলছে, রাশিয়ার বড় ব্যাংকগুলো সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী নয়। কারণ এতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। চলতি বছরের শুরুতে মার্কিন রাজস্ব বিভাগের একজন কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছিলেন, রাশিয়ার কোনো ব্যাংক সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক বা রাষ্ট্রনিয়ন্ত্রিত কোনো ব্যাংকের সঙ্গে সম্পর্ক রাখলে ওয়াশিংটন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে অন্য একটি সূত্র বলছে, সিরিয়া রাশিয়ার ছোট ব্যাংকগুলো ব্যবহার করছে।