যেভাবে হেরোইন সমস্যা মোকাবিলা করছে করাচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মিত হেরোইন সেবন করে, পাকিস্তানে এমন মাদকসেবীর সংখ্যা প্রায় পাঁচ লাখ। এদের অনেকেরই বসবাস দেশটির সবচেয়ে বড় শহর করাচিতে। কিন্তু এত বড় নগরেও তাদের পুনর্বাসন ও যথাযথ চিকিৎসার সুযোগ নিতান্তই সীমিত। মূলত হেরোইন সরবরাহ আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া এবং আটকে রাখাই এখানে প্রচলিত চিকিৎসা-পদ্ধতি। করাচির ব্যস্ত একটি এলাকায় জয়নব বিপণিবিতান। সেখানেই কথা হয় হুসাইনের (২৬) সঙ্গে। তিনি যে মাদকসেবী, প্রথম দর্শনেই তা বোঝা যায়—বিবর্ণ ত্বক, সারা শরীরে ক্ষতচিহ্ন।হুসাইন বলেন, ‘মাদক আমার সবকিছু ধ্বংস করে দিয়েছে। আমি আবার আগের মতো হতে চাই। সুখী হতে চাই।’ বাস্পরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, ‘কিন্তু আমি কীই-বা করতে পারি? আমি বরং মরতেই চাই।’ হুসাইনের ভাই ইউসুফও মাদকাসক্ত। অভিশপ্ত এ জীবন থেকে তাঁরা মুক্তি চান। দুজনেই দ্বারস্থ হয়েছেন পুনর্বাসন কেন্দ্রের। ইধি ফাউন্ডেশন নামের একটি কেন্দ্রে তাঁরা চিকিৎসা নিচ্ছেন। এটি পরিচালনা করছে একটি দাতব্য প্রতিষ্ঠান।হুসাইন বলেন, ‘আমার একটি ছেলে আছে। আমার ওপর তার খুব রাগ। ও আমাকে মাদকসেবী বলে ডাকে। অন্তত ছেলেটার জন্য হলেও আমাকে মাদক ছাড়তে হবে।’ ইধি ফাউন্ডেশন পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হওয়া রোগীদের আদৌ হেরোইন দেওয়া হয় না। ফলে তাঁদের শরীরে কাঁপুনি ও যন্ত্রণার সৃষ্টি হয়। হুসাইন জানান, হেরোইন সরবরাহ বন্ধ করে দেওয়ায় কয়েক দিন ধরে তিনি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। কিন্তু এটা তাঁকে সহ্য করতেই হবে। তিনি বলেন, ‘আল্লাহ আমাকে সাহায্য করবেন। আমার শরীরের যন্ত্রণা দূর হয়ে যাবে।’মাদকসেবীদের জন্য করাচিতে ইধি ফাউন্ডেশনের ছয়টি কেন্দ্র রয়েছে। এগুলোতে প্রায় সাড়ে চার হাজার রোগী আছে। ফাউন্ডেশনের চিকিৎসক আয়াজ মেমম বলেন, বেশির ভাগ রোগী পুরুষ। তাঁদের অনেককেই পরিবারের তরফ থেকে ভর্তি করা হয়েছে। নিজেদের সুস্থ দাবি করায় চিকিৎসার মাঝপথে অনেককে তাঁদের পরিবার নিয়ে যায়। কিন্তু কয়েক দিন পরেই আবার তাঁদের ফিরিয়ে আনা হয়। বিবিসি।