মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজ নিখোঁজ হওয়ার কারণ নিয়ে নানা বিশ্লেষণ চলছে। কিছু কিছু সম্ভাব্য কারণের পক্ষে জোরালো যুক্তিও রয়েছে। এমন সাতটি কারণ তুলে ধরা হলো:
পাইলটের বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড: পাইলট কোনো কারণে ক্ষুব্ধ হয়ে কোনো অঘটন ঘটিয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাইলটদের সন্দেহ করার কারণ হলো, উড়োজাহাজটির ট্রান্সপন্ডারের (সংকেত আদান-প্রদানের যন্ত্র) সুইচ বন্ধ থাকা। উড়োজাহাজের ককপিটও কয়েকবার বিকল পাওয়া যায়—যা পাইলটদের কাজ বলে সন্দেহ করা হয়।
সন্ত্রাসবাদী ছিনতাই: থাইল্যান্ডে চুরি হওয়া পাসপোর্ট নিয়ে ইরানের দুই নাগরিক যাত্রী হয়েছিলেন বলে জানাজানির পর উড়োজাহাজটি ছিনতাই হয়েছে বলে ধারণা জোরালো হয়েছিল। তবে তদন্তকারীরা তাঁদের সঙ্গে সন্ত্রাসী কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা পায়নি। কোনো সন্ত্রাসী গোষ্ঠীর জড়িত থাকার আলামতও মেলেনি।
আকস্মিক দুর্ঘটনা: উড়োজাহাজ বিশেষজ্ঞরা শুরুতে আকস্মিক দুর্ঘটনার আশঙ্কাই করছিলেন। সেটা হতে পারে, বোমার বিস্ফোরণ, কিংবা গুরুতর যান্ত্রিক ত্রুটি। কিন্তু এমনটা হলে ট্রান্সপন্ডারের সুইচ বন্ধ হয়ে যাওয়ার স্থানেই বা আশপাশে উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়ার কথা। কিন্তু বোয়িং ৭৭৭-এর ১৯ বছরের ইতিহাসে একবার মাত্র আকস্মিক দুর্ঘটনা শিকার হয়েছে। গত বছর আশিয়ানা এয়ারলাইনসের ওই উড়োজাহজটি উড়ার সময় বিধ্বস্ত হয়।
অগ্নিকাণ্ড: বৈদ্যুতিক গোলযোগের কারণে উড়োজাহাজে আগুন লাগতে পারে। তবে কারও কারও মতে, এমনটা হলেও ক্রুরা নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য সময় পাওয়ার কথা।
হঠাৎ অক্সিজেন কমে যাওয়া: হঠাৎ করে অক্সিজেন কমে যাওয়ার কারণে উড়োজাহাজের সব আরোহী মারা যেতে পারেন। কিন্তু এ ধরনের ঘটনা ঘটার আগেই পাইলটদের একটি স্বয়ংক্রিয় বার্তা পাওয়ার কথা। ওই বার্তা পেলে তাঁরা আরোহীদের অক্সিজেনের মাস্ক পরার নির্দেশ দিতেন। বিশেষজ্ঞরা মতে, এমনটি হলেও রাডার থেকে উড়োজাহাজটি হারিয়ে যাওয়ার কথা নয়।
লুকিয়ে রাখা: উড়োজাহাজটি কেউ প্রত্যন্ত কোনো বিমানবন্দরে অবতরণ করিয়ে লুকিয়ে রাখতে পারে। হতে পারে কোনো সন্ত্রাসী সংগঠন এটি লুকিয়ে রেখে বিস্ফোরক ও জ্বালানি ভরিয়ে পরে কোনো সময় ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়।
ভূপাতিত করা: যাত্রীবাহী বেসামরিক উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করার কোনো কারণ নেই। কিন্তু দুর্ঘটনাবশত এটা হয়ে থাকতে পারে। ১৯৮৮ সালে ইরানের ও ১৯৮৩ সালে কোরিয়ার উড়োজাহাজ এভাবে ভূপাতিত হয়েছিল। এপি।