যৌন সংসর্গে ছড়াচ্ছে জিকা ভাইরাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মশার মাধ্যমেই জিকা ভাইরাস ছড়ায় বলে বিজ্ঞানীরা বলে আসছিলেন। কিন্তু তা যৌন সংসর্গের মাধ্যমেও ছড়ানোর বিরল ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটির স্বাস্থ্য বিভাগ গত মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে। খবর এএফপি ও বিবিসির।
এখন পর্যন্ত লাতিন আমেরিকাতেই জিকা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি। এ অঞ্চলের দেশগুলোতে ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক নিয়ে শিশু জন্মের সংখ্যা বেড়েই চলেছে, যার জন্য জিকা ভাইরাস দায়ী বলে মনে করা হয়। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্রান্তীয় অঞ্চলের মশার মাধ্যমেই জিকা ভাইরাসের সংক্রমণ ঘটছে—এমনটাই বলে আসা হচ্ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার জানায়, যৌন সংসর্গের মাধ্যমে জিকা ছড়াচ্ছে বলে তারা নিশ্চিত হয়েছে। ফলে এই ভাইরাস দ্রুততার সঙ্গে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা ও ইউরোপের দেশগুলোতে আতঙ্ক শুরু হয়েছে। এসব দেশে সরাসরি জিকা ভাইরাস সংক্রমণের নজির ছিল না। কেবল জিকায় আক্রান্ত দেশগুলো ভ্রমণ করে আসা কিছু মানুষের দেহে এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
টেক্সাসের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, তাঁরা যে রোগীর দেহে যৌন সংসর্গের মাধ্যমে জিকা সংক্রমিত হয়েছে বলে নিশ্চিত হয়েছেন, তিনি ডালাসের বাসিন্দা। ডালাস কাউন্টির এক বিবৃতিতে বলা হয়, ওই রোগী এমন একজনের সঙ্গে যৌন সংসর্গের মাধ্যমে জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যিনি এ ভাইরাসের প্রাদুর্ভাব থাকা একটি দেশ ভ্রমণ করে ফেরেন। পরে ডালাস কাউন্টির এক টুইটার বার্তায় বলা হয়, ওই ব্যক্তি ভেনেজুয়েলা ভ্রমণ করেন।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) পরিচালক টম ফ্রাইডেন জানান, যৌন সংসর্গের মাধ্যমে টেক্সাসের ওই ব্যক্তির দেহে জিকা ভাইরাস এসেছে বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। ভেনেজুয়েলা ভ্রমণ করে আসা ব্যক্তিটি জিকা ভাইরাস বহন করে নিয়ে আসেন। তাঁর সঙ্গে যৌন সংসর্গের মাধ্যমে যাঁর দেহে এ ভাইরাস সংক্রমিত হয়েছে, তিনি কখনোই যুক্তরাষ্ট্রের বাইরে যাননি।
১৯৪৭ সালে উগান্ডায় প্রথম জিকা ভাইরাস শনাক্ত হয়। এটি অপেক্ষাকৃত হালকা ফ্লুর মতো উপসর্গ সৃষ্টি করে। কিন্তু জিকার বর্তমান প্রাদুর্ভাবের সঙ্গে শিশুর জন্মত্রুটির একটা আন্তসম্পর্ক রয়েছে বলে আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে।
বিশেষ করে ব্রাজিলে এমন ঘটনা বেড়েই চলেছে। সেখানে অস্বাভাবিক ছোট মাথা ও ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক নিয়ে একের পর এক শিশুর জন্ম নিচ্ছে, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে ‘মাইক্রোসেফালি’। সাধারণত এডিস ইজিপ্টি মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়াচ্ছে, যার আবাসস্থল ক্রান্তীয় অঞ্চল। ফলে শীতপ্রধান দেশগুলোতে এর প্রাদুর্ভাব ঘটবে না বলে ধরে নেওয়া হচ্ছিল।
ব্রাজিলসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশে জিকা ভাইরাসের ব্যাপক সংক্রমণের প্রেক্ষাপটে গত সোমবার স্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর পরের দিন সংস্থাটি বলেছে, তারা একটি বৈশ্বিক জিকা মোকাবিলা ইউনিট গঠন করেছে।
এদিকে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও কেপ ভার্দে-তে জিকা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার খবর এসেছে। থাই কর্মকর্তারা বলেছেন, তাঁদের দেশের একজন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর ইন্দোনেশিয়া ও কেপ ভার্দে জানিয়েছে, তাদের দেশে ‘দেশীয় জিকা’ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
জিকাকে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণায় ডব্লিউএইচওর সঙ্গে যোগ দিয়েছে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিও। তারা আমেরিকা অঞ্চলে জিকা মোকাবিলায় ২৩ লাখ মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করার আবেদন জানিয়েছে।
বর্তমানে জিকা ভাইরাসের সুনির্দিষ্ট চিকিৎসা না থাকলেও ফ্রান্সের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান সানোফি বলেছে, তারা জিকার টিকা তৈরির গবেষণা শুরু করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ ভাইরাসের টিকা তৈরি করতে কয়েক বছর লেগে যেতে পারে।