
ভারতের কেন্দ্রীয় সরকারকে আগামী মাসে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠেয় কমনওয়েলথ সম্মেলন বর্জনের আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে তামিলনাড়ু রাজ্য। এ-সংক্রান্ত একটি প্রস্তাব গতকাল বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাস করা হয়েছে।
প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্প্রতি তামিলনাড়ুর দ্রাবিড় মুনেত্রা কাঝাগাম (ডিএমকে) নেতাদের বারবার আশ্বস্ত করেছিলেন যে কলম্বোতে অনুষ্ঠেয় কমনওয়েলথ সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তামিলনাড়ুর জনগণ ও সব দলের মতামতের ওপর গুরুত্ব দেবে নয়াদিল্লি।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা গত বুধবার বিধানসভার অধিবেশনে ওই প্রস্তাব পেশ করেন। প্রস্তাবটি গতকাল সর্বসম্মতিক্রমে পাস হয়। প্রধান বিরোধী দল, ডিএমকে, ডিএমডিকে, কংগ্রেস ও বামদলগুলো এই প্রস্তাবকে সমর্থন জানায়।
প্রস্তাবে বলা হয়েছে, কলম্বোর সম্মেলনে ভারতের যোগ দেওয়া ঠিক হবে না। এমনকি নয়াদিল্লির কোনো প্রতিনিধিদল পাঠানোও উচিত হবে না। শ্রীলঙ্কায় সিংহলিদের মতো তামিলদেরও সমানাধিকার দিতে হবে। তা নিশ্চিত করা না হলে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন (সিএইচওজিএম) থেকে শ্রীলঙ্কাকে সাময়িকভাবে বাদ দেওয়ার জন্য ভারতকে চাপ দিতে হবে।
শ্রীলঙ্কার তামিল সংখ্যালঘুদের ওপর সরকারের কথিত অন্যায়-অবিচারের প্রতিবাদে ভারতের তামিলনাড়ু রাজ্যে শ্রীলঙ্কাবিরোধী মনোভাব বিরাজ করছে। তামিলনাড়ুর তামিলরা প্রতিবেশী শ্রীলঙ্কার তামিলদের সঙ্গে সৌহার্দ্যের মনোভাব পোষণ করে থাকে।
এদিকে এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে তামিলনাড়ু কংগ্রেসের নেতা কে গোপীনাথ শ্রীলঙ্কার সঙ্গে নিরাপত্তাসহ অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ে ভারতের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে তাঁর দলের উদ্বেগের কথা জানান।
বিধায়ক গোপীনাথ বলেন, ‘শ্রীলঙ্কার তামিলদের মঙ্গলাকাঙ্ক্ষী ছিলেন বলে আমাদের দলের নেতা রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। কিন্তু তামিলদের ভাগ্যোন্নয়নে এখনো ভারতের কেন্দ্রীয় সরকার সহায়তা অব্যাহত রেখেছে। সম্প্রতি সরকার শ্রীলঙ্কার তামিল-অধ্যুষিত এলাকায় অবকাঠামো উন্নয়নে ৪০০ কোটি রুপি বরাদ্দ দিয়েছে।’
গত মার্চে তামিলনাড়ুর বিধানসভায় শ্রীলঙ্কার তামিলদের জন্য পৃথক ভূখণ্ডের (ইলম) দাবিতে গণভোটের আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করা হয়েছিল। জয়ললিতা তখন বলেছিলেন, নিজস্ব ভূখণ্ড পেলেই কেবল শ্রীলঙ্কার তামিলদের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ হবে। টাইমস অব ইন্ডিয়া।