যোগ ব্যায়ামে ব্যথা বাড়তেও পারে!
শরীর-মনের বিশ্রাম দিতে এবং চোটের ব্যথা থেকে মুক্তি পেতে অনেকেই যোগ ব্যায়াম করেন। কিন্তু এই যোগ ব্যায়ামের কারণেই শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। বাড়তে পারে ব্যথাও। অন্তত গবেষণা সে কথাই বলছে।
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, গবেষণা প্রতিবেদনটি দ্য জার্নাল অব বডিওয়ার্ক অ্যান্ড মুভমেন্ট থেরাপিস-এ প্রকাশিত হয়েছে। সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইভাংলস পাপ্পাস এই গবেষণায় নেতৃত্ব দেন।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, যোগ ব্যায়াম করা প্রতি ১০ জনে একজন যোগীর পেশির ব্যথা হওয়ার আশঙ্কা রয়েছে। আর যাদের আগে থেকে এ ধরনের ব্যথা আছে, তাদের জন্য বিষয়টি আরও ভয়াবহ হতে পারে।
অধ্যাপক ইভাংলস পাপ্পাস বলেন, যোগ ব্যায়াম শরীরের জন্য খুবই ভয়ংকর সমস্যার কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে, যোগ ব্যায়ামের কারণে ব্যথা বাড়ার ঘটনা বছরে ১০ শতাংশের বেশি হারে বাড়ছে। মানুষ সাধারণত এটাকে ব্যথা মুক্তির উপায় হিসেবে নেন।
প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের দুটি স্টুডিওতে নিয়মিত যোগ ব্যায়ামের ক্লাস করেন এমন ৩৫০ জন যোগীর ওপর এই গবেষণাটি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, শরীর ও মনকে সুস্থ রাখতে প্রায় পাঁচ হাজার বছরের পুরোনো ভারতীয় এই ব্যায়াম এখন বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বের লাখ লাখ মানুষ লিগামেন্ট, পেশি ও স্নায়ু সমস্যা (মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার) সমাধানের বিকল্প পন্থা হিসেবে এই ব্যায়াম করেন।
ইভাংলস পাপ্পাস বলেন, যোগ ব্যায়ামের মাধ্যমে যদি মাসকুলোস্কেলেটাল ব্যথার উপশম হয়, তাহলেও এর ফলাফল হিসেবে পরে তা তীব্র ব্যথার সৃষ্টি করবে। গবেষণায় আরও দেখা গেছে, আগে থেকেই যাদের ব্যথা আছে এমন ২১ শতাংশ যোগীর পুরোনো ব্যথা ব্যায়ামের কারণেই মারাত্মক আকার ধারণ করতে পারে। যোগ ব্যায়ামের কারণে হওয়া ব্যথার এক-তৃতীয়াংশই এমন মারাত্মক হয় যে, তা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। তিন মাসেরও বেশি সময় তা ভোগাতে পারে। আর যারা নতুন যোগ ব্যায়াম শুরু করেছেন তাদের কাঁধ, কনুই, কবজি ও হাতে তীব্র ব্যথা হতে পারে।
গবেষক দলে থাকা নিউইয়র্কের মার্সি কলেজের অধ্যাপক মার্ক কাম্পো বলেন, প্রথমে বৈদ্যুতিক প্রশ্নপত্রের মাধ্যমে যোগীদের ওপর এই গবেষণাটি করা হয়। এর এক বছর পর তা যাচাই করে এই ফল পাওয়া গেছে।
তবে যোগ ব্যায়ামের যে শুধুই অপকারিতা তা বলছেন না গবেষকেরা। এর ভালো দিকটিও ব্যাখ্যা করেছেন তাঁরা। এ বিষয়ে ইভাংলস পাপ্পাস বলেন, হতাশ হওয়ার কিছু নেই। কারণ ৭৪ শতাংশ যোগীদের ক্ষেত্রে দেখা গেছে, যোগ ব্যায়ামের মাধ্যমে তাঁদের পুরোনো ব্যথা অনেকটা উপশম হয়েছে। সতর্কতার সঙ্গে অনুশীলন করলে যোগ ব্যায়ামের মাধ্যমে সৃষ্ট ব্যথাও সারিয়ে তোলা যায়। এ কারণে প্রশিক্ষককে ব্যথার বিষয়টি খুলে বলতে হবে। চিকিৎসকেও বলা যেতে পারে। তাহলে তাঁর জন্য কোন অনুশীলনটা জরুরি তা তাঁরা বলে দিতে পারবেন। ব্যথার ঝুঁকিটা প্রশিক্ষকদেরও যোগীদের বলে দেওয়া উচিত।
ইভাংলস পাপ্পাস আরও বলেন, যোগ ব্যায়ামের আরও কিছু ভালো দিক আছে। যাদের উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ব্যথা, ব্যাক পেইন, চাপ ও হতাশায় ভোগেন—তাঁরা যোগ ব্যায়াম করে উপকৃত হয়েছেন এমন প্রমাণ পাওয়া গেছে।