মালয়েশিয়ার বিমানের খোঁজে ভারত মহাসাগরে মার্কিন জাহাজ
যোগাযোগের দুটি ব্যবস্থাই বন্ধ করে দেওয়া হয়?

সাত দিন পেরিয়ে গেলেও মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজের হদিস মেলেনি। তবে অনুসন্ধানকাজে ভাটা না পড়ে গতকাল শুক্রবার বরং তল্লাশির এলাকা ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া কিছু তথ্যের ভিত্তিতে সেখানে নজর দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র নিজেও ভারত মহাসাগর এলাকায় অত্যাধুনিক নজরদারি বিমান ও জাহাজ পাঠিয়েছে।
ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হওয়ার পর থেকেই এর সম্পর্কে একের পর এক তথ্য দেওয়া হয়েছে। কোনো না কোনো পক্ষ আবার এর সত্যতা নাকচ করেছে। সর্বশেষ মার্কিন কর্মকর্তারা বলেছেন, উড়োজাহাজটির যোগাযোগের দুটি ব্যবস্থা ১৪ মিনিটের ব্যবধানে একে একে বন্ধ হয়ে যায়। দৃশ্যত এগুলো পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে মনে হচ্ছে, আকস্মিক কোনো বিপর্যয় বা দুর্ঘটনায় বিমানটি যোগাযোগ বন্ধ করে দেয়নি। তদন্তকারীরা বলছেন, শুক্রবার দিবাগত রাত একটা সাত মিনিটে বিমানের ‘ডেটা রিপোর্টিং সিস্টেম’ এবং একটা ২১ মিনিটে ট্রান্সপন্ডার (বেতারবার্তা পাঠানোর যন্ত্র) বন্ধ হয়ে যায়। পাইলট মালয়েশিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ‘সব ঠিক আছে, শুভ রাত্রি’ বলার পরপরই ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়। সেটাই বিমানটির শেষ যোগাযোগ।
মার্কিন তদন্তকারীরা বলছেন, দুটি যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পরও উড়োজাহাজটি পাঁচ ঘণ্টা ধরে কয়েকটি ব্রিটিশ স্যাটেলাইটে সিগন্যাল পাঠিয়ে যায়। বন্ধ মোবাইল ফোনসেট যেমন সিগন্যাল পাঠাতে পারে, এটি তেমনই। ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা লিখেছে, উড়োজাহাজটির স্যাটেলাইটে পাঠানো সিগন্যাল থেকে ‘হারিয়ে যাওয়ার পরও’ অন্তত পাঁচ ঘণ্টা ধরে এর অবস্থান, গতি ও উচ্চতার তথ্য পাওয়া গেছে। শেষ সিগন্যালের সময়ও বিমানটি স্বাভাবিক উচ্চতায়—সাগর থেকে ৩৫ হাজার ফুট ওপরে ছিল।
মার্কিন কর্মকর্তারা শেষ সিগন্যাল পাঠানোর সময় বিমানটির অবস্থান কোথায় ছিল বলতে রাজি হননি। তাঁরা স্বীকার করেছেন, সিগন্যাল বন্ধের কারণ তাঁদের জানা নেই। তবে মার্কিন কর্মকর্তারা ভারত মহাসাগরের এমন একটি স্থানে নজরদারি বিমান পাঠাচ্ছেন, যা কুয়ালালামপুরের এক হাজার মাইল বা আরও পশ্চিমে। তদন্তকারীরা বলেছেন, উড়োজাহাজে থাকা কেউ ইচ্ছা করে স্যাটেলাইটের সিগন্যাল পাঠানো বন্ধ করে দিয়ে থাকতে পারেন।
মালয়েশিয়া সরকারের অনুরোধে ভারতের নৌ, বিমান ও উপকূল রক্ষীবাহিনীরও গতকালই আন্দামান সাগরে তল্লাশি অভিযান শুরু করার কথা।
মালয়েশিয়া এয়ারলাইনসের বোয়িং-৭৭৭ বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিংয়ে যাওয়ার পথে গত শুক্রবার মধ্যরাতের পর নিখোঁজ হয়। উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর দক্ষিণ চীন সাগরের ওপর উড়োজাহাজটির সর্বশেষ অবস্থান রাডারে ধরা পড়ে।
অজ্ঞাতনামা একদল কর্মকর্তার বরাত দিয়ে গত বৃহস্পতিবার প্রথম যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়, এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে সর্বশেষ যোগাযোগের কয়েক ঘণ্টা পরও উড়োজাহাজটি আকাশে উড়ছিল।
বৃহস্পতিবার ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি সাংবাদিকদের বলেছেন, ‘নতুন কিছু তথ্যের ভিত্তিতে ভারত মহাসাগরেও তল্লাশি হতে পারে। এসব তথ্য যে একেবারে চূড়ান্ত, তা নয়।’
গত শনিবার মধ্যরাতে ১৪টি দেশের ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংগামী ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়। যাত্রীদের মধ্যে ১৫৪ জনই ছিলেন চীনের নাগরিক। বিবিসি, রয়টার্স ও ডেইলি মেইল।