যৌথ আইন ব্যবসা খুলতে চেয়েছিলেন গান্ধী ও জিন্নাহ?

মহাত্মা গান্ধী ও মোহাম্মদ আলী জিন্নাহ কর্মজীবনের প্রথমদিকে দক্ষিণ আফ্রিকায় যৌথ আইন ব্যবসা চালুর কথা ভেবেছিলেন? বিস্ময়কর শোনালেও প্রখ্যাত ইতিহাসবিদ ও লেখক রামচন্দ্র গুহ বলছেন, বিষয়টি খুবই সম্ভব। তাঁর ধারণার ভিত্তি চিঠিপত্রসহ বিভিন্ন নথিপত্র।
রামচন্দ্র গুহ বলেছেন, আহমেদাবাদের সবরমতি আশ্রমের একটি লগ বইতে ১৮৯৫ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত মহাত্মা গান্ধীর কাছে আসা চিঠির উল্লেখ আছে। এ থেকে জানা যায়, দুটি চিঠি ছিল কোনো এক এম আলী জিন্নাহর। তিনি ১৮৯৭ সালের ২১ জানুয়ারি ও ২৩ মার্চ চিঠি দুটি লিখেছিলেন।
রামচন্দ্রের লেখা গান্ধীর জীবনী নিয়ে দুই পর্বের বইয়ের প্রথম পর্বগান্ধী বিফোর ইন্ডিয়া গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে। পেঙ্গুইন প্রকাশিত সেই বইয়ে এসব বিষয় উঠে এসেছে। তবে বইটিতে ওই চিঠির বিষয়বস্তু সম্পর্কে কিছু বলা হয়নি। রামচন্দ্র গুহ বলেছেন, ইতিমধ্যে প্রকাশিত বিভিন্ন নথিপত্রের ভিত্তিতে তিনি আগ্রহোদ্দীপক এ তথ্যের ব্যাপারে সিদ্ধান্তে এসেছেন।
পরবর্তী জীবনে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা জিন্নাহ ১৮৯৭ সালে লন্ডন থেকে ভারতবর্ষে ফেরেন। রামচন্দ্র বলেন, ‘জিন্নাহ ১৮৯৭ সালে মুম্বাইতে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করেন। এর পাঁচ বছর আগে গান্ধীও মুম্বাইয়ে একই চেষ্টা করেছিলেন। গান্ধী দক্ষিণ আফ্রিকায় থাকতে আইন পেশায় তাঁকে সহায়তার জন্য একজন সহকারী খুঁজছিলেন। অন্যদিকে জিন্নাহ পেশায় ঠিক সুবিধা করতে পারছিলেন না।’
এসব বিবেচনা ইতিহাসবিদ রামচন্দ্র গুহের মনে এ সম্ভাবনা জাগিয়েছে যে, একসময় দুই পথে চলে যাওয়া দুই নেতা হয়তো যৌথ আইন ব্যবসা খুলেই ফেলেছিলেন প্রায়। পিটিআই।