যৌথ কারখানায় দ. কোরীয়দের ঢুকতে দিচ্ছে না উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার সরকার গুরুত্বপূর্ণ একটি যৌথ শিল্প-কারখানায় দক্ষিণ কোরীয় কর্মীদের প্রবেশাধিকার গতকাল বুধবার বন্ধ করে দিয়েছে। এর ফলে দুই কোরিয়ার মধ্যে চলমান সামরিক উত্তেজনার পারদ আরও চড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর কোরিয়া যে যৌথ শিল্প-কারখানায় দক্ষিণ কোরীয়দের প্রবেশ বন্ধ করে দিয়েছে, তার নাম কায়েসং। সেখানে গত মঙ্গলবার রাতে অবস্থানকারী প্রায় ৮৬১ জন দক্ষিণ কোরীয় নাগরিককে নিজ দেশে ফেরার সুযোগ দেওয়া হয়। কায়েসংয়ে দৈনন্দিন কার্যক্রম বন্ধ করে দেওয়ার ব্যাপারে পিয়ংইয়ং কর্তৃপক্ষ গতকাল সকালে সিউলকে জানায়। তবে এ নিষেধাজ্ঞার মেয়াদ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। কায়েসং কারখানা দক্ষিণের তুলনায় অনেক দরিদ্র উত্তর কোরিয়ার রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎস। সিউলের অর্থায়নে নির্মিত এ শিল্প কমপ্লেক্সটি ২০০৯ সাল থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে ব্যবহার করে আসছিল। দক্ষিণের শ্রমিকেরা সীমান্ত অতিক্রম করে উত্তরের ১০ কিলোমিটার ভেতরে অবস্থিত কারখানাটিতে গিয়ে কাজ করতেন। কোনো কোরিয়াই অতীতের কোনো সংকটে এ কারখানার ওপর বড় ধরনের প্রভাব পড়তে দেয়নি।দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কায়েসংয়ে কর্মরত দক্ষিণ কোরীয় নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে ‘সামরিক পদক্ষেপের’ মতো বিভিন্ন জরুরি পরিকল্পনা তাদের ছিল। দেশটির একত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র কিম হিউয়াং-সোয়েক এক বিবৃতিতে বলেন, ‘নিষেধাজ্ঞার ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক। কায়েসংয়ে দক্ষিণ কোরীয়দের প্রবেশের স্বাভাবিক সুযোগ অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় দুই কোরিয়ার পারস্পরিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে এবং উত্তর কোরিয়া আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।’ এদিকে দক্ষিণ কোরিয়ার ১২০টি শিল্প প্রকল্পে কর্মরত প্রায় ৫৩ হাজার উত্তর কোরীয় নাগরিক গতকালও নির্বিঘ্নে কাজ করেছেন। কায়েসংয়ে গতকালও অবস্থানকারী দক্ষিণ কোরীয় ব্যবস্থাপক কিম দং-কু বলেন, চলমান অচলাবস্থা বেশি দিন থাকবে বলে মনে হয় না। চলমান সামরিক উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে বিভিন্ন হুমকি দিয়েছে। এসব হুমকির মধ্যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা অব্যাহত রাখার বিষয়টিও রয়েছে। রাশিয়ার উদ্বেগ: উত্তর কোরিয়ার বর্তমান ‘বিস্ফোরক’ পরিস্থিতিতে রাশিয়া গতকাল উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ইগর মরগুলভ বলেন, ‘বর্তমান অবস্থায় যেকোনো সাধারণ ভুলের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’ এএফপি, এপি ও বিবিসি।